২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনিনে বিমান দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

সেনাবাহিনী প্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদ বেনিনে বিমান দুর্ঘটনায় নিহত ১৫জন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের এয়ারলাইন্স কর্তৃপক্ষের দেওয়া ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 03:26 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এ উপলক্ষে সোমবার সেনা দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার ভাষণে নিহত কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিহত বীর সেনানীদের অবদান সবসময় স্মরণযোগ্য।

তিনি আরও বলেন, শহীদ সেনাদের পরিবারের সদস্যদের জন্যে কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান ১৫ সেনা সদস্যের উত্তরাধিকারীদের মধ্যে মোট ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। ইতোমধ্যে নিহত সেনাসদস্যের উত্তরাধিকারীদের মধ্যে জাতিসংঘ ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্য সকল ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

২০০৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের রাজধানীতে কটোনৌ বিমান বন্দরে ইউটিএ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭২৭ বিমান দুর্ঘটনায় পতিত হয়। সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে কর্মরত সেনাবাহিনীর ১৫জন সদস্য ওই বিমানে করে ছুটিতে দেশে ফিরছিলেন। কটোনৌ বিমানবন্দর ত্যাগ করার পর পরই বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এর ফলে সেনাবাহিনী সদস্যরা মর্মান্তিকভাবে মুত্যবরণ করেন।