২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রাক্কলিত বাজেট ঘোষণা এবং বিভিন্ন সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ ) ২০ মার্চের এক সভায় সাংগঠনিক কাঠামোর গঠন এবং ২০০৫-০৬ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট ঘোষণা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এ সব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পূর্ণাঙ্গ গঠন ও কাজ শুরু না হওয়া পর্যন্ত তার কার্যাবলী সম্পাদনে সাহায্য করবে।

এছাড়া এনটিআরসিএর নিজস্ব ভবন না হওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রনালয়ের অনুমতি গ্রহণপূর্বক বেসরকারি বাড়ি ভাড়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভাড়াবাড়ি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে এর কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে একটি কক্ষ, আসবাবপত্র ও সরঞ্জামাদির সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি এনটিআরসি’র অস্থায়ী কার্যালয় হিসেবে এটি ব্যবহৃত হবে।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষা গ্রহণ বিধিমালা অনুযায়ী ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা গ্রহণের সংশ্লিষ্ট সকল দায়িত্ব পালন করবে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য ন্যূনতম পক্ষে এক লাখ আবেদনপত্রের ফর্ম বিজি প্রেস থেকে ছাপানোর ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনপত্রের ফর্ম বিজি প্রেসে ছাপাতে দেরী হলে বেসরকারি ছাপাখানা থেকে তা ছাপানোর ব্যবস্থা করা হবে।

ওই সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তর মধ্যে আরো রয়েছে আইন মন্ত্রনালয় কর্তৃক সংশোধিত আকারে প্রণীত পরীক্ষা গ্রহণ, বিধিমালায় ভেটিং সম্পন্ন হওয়ার সাথে সাথে পরীক্ষা গ্রহণের উদ্দেশে ৪৫ টি বিষয়ের তালিকাসহ বিজ্ঞপ্তি আকারে প্রচার করা। 

সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৫ সালের ১৮ নভেম্বর আবশ্যিক বিষয়ের পরীক্ষা এবং ২৫ নভেম্বর ঐচ্ছিক/ বিজ্ঞান বিষয়সমূহের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায় একজন বিশেষজ্ঞের সহায়তা গ্রহণের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাহী বোর্ডের সদস্যদের সভায় যোগদানের জন্য সম্মানী প্রদান করার প্রস্তাব সভায় অনুমোদন করা হয়।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তহবিল রাষ্ট্রায়ত্ত এসটিডি অ্যাকাউন্টে জমা রাখা হবে। অর্থ ও প্রশাসনের সদস্য এবং সচিবের যৌথ স্বাক্ষরে হিসাবটি পরিচালিত হবে।

এছাড়া কর্তৃপক্ষের সচিব ও অন্যান্য কর্মকর্তা -- কর্মচারির পদসৃষ্টি এবং সেগুলোতে জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিসিএস ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রেষণে পদায়নের জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রনালয়ে প্রেরণ করবে। ঢাকা শিক্ষা বোর্ড সাময়িকভাবে কম্পিউটার অপারেটর ও এমএলএসএস দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।