২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আবারো বাড়লো

জ্বালানি তেলের দাম রোববার থেকে আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। এ পর্যায়ে অকটেনের দাম সর্বোচ্চ ১৮ শতাংশ এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম সর্বনিু সাড়ে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এ নিয়ে বর্তমান সরকারের শাসনামলে আট দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলো। নির্ধারিত নতুন বিক্রি মূল্য হচ্ছে, প্রতি লিটার অকটেন ৪৫ টাকা, পেট্রোল ৪২ টাকা, ডিজেল ও কেরোসিন ৩০ টাকা, ফার্ণেস অয়েল ১৪ টাকা এবং সাড়ে ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডার এলপি গ্যাস ৪৭৫ টাকা।

এ দফা দাম বৃদ্ধির ফলে প্রতি লিটার অকটেনের দাম সাত টাকা, পেট্রোল ছয় টাকা, ডিজেল ও কেরোসিন চার টাকা, ফার্ণেস অয়েল দুই টাকা এবং এলপিজি’র দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ১৯ জুলাই জ্বালানি তেলের দাম সর্বশেষ বৃদ্ধি করা হয়।

জ্বালানি তেলের নতুন দাম জানিয়ে রোববার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, তেলের আন্তর্জাতিক মূল্যের বিচারে বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার জ্বালানি তেলের আমদানি ব্যয় ৪০ থেকে ৪১ টাকা। স্থানীয় বাজারে তেলের দাম বৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বিপিসি‘র লোকসান হবে ১১ টাকা করে। আর দেশের মোট জ্বালানি চাহিদা ৩৭ লাখ মেট্রিন টনের মধ্যে ২৯ লাখ মেট্রিক টনই ডিজেল ও কেরেসিন। ফলে দাম বাড়ানোর পরও বিপিসি‘র চলতি অর্থবছরে ২২ থেকে ২৪ হাজার কোটি টাকা লোকসান হবে। আর দাম বৃদ্ধি করা না হলে এই লোকসানের পরিমাণ দাঁড়াতো ৪০০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ এবার দাম বাড়ানোর কারণে ১৭০০ কোটি টাকার মত লোকসান কম হবে।   

দাম বৃদ্ধির চারটি কারণকে চিহ্নিত করে মাহমুদুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহত বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান কমিয়ে আনতে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটা করা না হলে বিপিসি দেউলিয়া হয়ে যেতো। এর প্রভাবে দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাংক জনতা এবং সোনালী ব্যাংক মারাত্মক আর্থিক ঝুঁকির মুখে পড়তো। অন্যদিকে বর্ধিত দামে তেল আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার মজুদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছিল।

তিনি মনে করেন, তেলের দাম বৃদ্ধির ফলে দেশের আর্থিক ব্যবস্থাপনায় শৃংখলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। অবশ্য তিনি স্বীকার করেন যে, এবার দাম বাড়ানোর জন্যে দাতা সংস্থার চাপও ছিল।

২০০১ সালের অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার ইতোমধ্যে ৭ দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। ২০০১ সালের অক্টোবর মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল সাড়ে ১৫ টাকা। আর পেট্রোল ২৮ টাকা এবং অকটেন ৩০ টাকা। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২৬ টাকা। প্রতি লিটার অকটেন ৩৮ এবং পেট্রোল ৩৬ টাকা।

মাহমুদুর রহমান বলেন, এবারের দাম বাড়ানোর পরও বাংলাদেশের জ্বালানি তেলের দাম এশিয়ার অপরাপর দেশ ভারত, পাকিস্তান থেকে কম।