শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদেশী কোম্পানীর কাছে অবৈধভাবে মামলার কাগজপত্র পাচার
শিক্ষা মন্ত্রণালয় থেকে অবৈধভাবে একটি মামলার কাগজপত্র পাচারের অভিযোগ পাওয়া গেছে। নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড আদালতে টিউলিপ কোম্পানী এবং বাংলাদেশ সরকারের মধ্যে কম্পিউটার ক্রয় সংক্রান্ত ব্যাপারে চলমান মামলার কিছু কাগজপত্র সচিবালয় থেকে টিউলিপ কোম্পানীর কাছে সরবরাহ করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক লিখিত আদেশ থেকে এ কথা জানা গেছে। সিনিয়র সহকারি সচিব রুম্মান আখতার খান সাক্ষরিত এ আদেশে বলা হয়, ‘মামলা বিষয়ক কিছু কাগজপত্র টিউলিপের হস্তগত হয়েছে মর্মে অভিযোগ এসেছে। এ ধরণের কাজ দেশের স্বার্থের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।’ একই আদেশে গোপনীয় কাগজপত্র যাতে অপরের হস্তগত না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কাগজপত্র গায়েব হওয়ার ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে শিক্ষা মন্ত্রী ইতিমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
মন্ত্রণালয় সুত্রে আরও জানা যায় , শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে ফাজিল, কামিল ডিগ্রির মান সাধারন শিক্ষার সমতুল্য করার ফাইল গায়েব হয়ে গিয়েছিল।
বার বার ফাইল ফাইল গায়েব হওয়া বিষয় নিয়ে আন্ত : মন্ত্রণালয় সভায়ও জড়িতদের খুজে বের করতে একটি কমিটিও গঠন করা হয়।
