নাটোরে জমি নিয়ে সংঘর্ষে ২ মহিলাসহ আহত ১০
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে নাটোর শহরের চৌধুরী বড়গাছা এলাকায় দু’পক্ষের সংঘর্ষে দুই মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত মোস্তফা কামাল (৪৫), মরিয়ম (৩০) ও আকলিমাকে (৩০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার চেয়ারম্যান কাজী শাহ আলমের নির্দেশে চৌধুরী বড়গাছা এলাকার মোস্তফা কামাল কিছুদিন আগে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ করে।
পরে স্থানীয় মোহাম্মদ আলীর আবেদনের প্রেক্ষিতে পৌর চেয়ারম্যান ওই দেয়াল ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
চেয়ারম্যানের নির্দেশ পেয়ে মোহাম্মদ আলী দেয়াল ভাঙ্গতে গেলে মোস্তফা কামাল ও মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ঘটনাস্থলে একটি ক্যাম্প স্থাপন করেছে।
