নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের বিশাল মজুদ
মায়ানমার সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণে মারাত্মক আগ্নেয়া¯েত্রর বিশাল মজুদ আছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে বিশাল অস্ত্রের ভাণ্ডার উদ্ধারের পর র্যাব চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার লে. কর্নেল কাজী এমদাদুল হক সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, পাহাড়ী সন্ত্রাসীরা বিক্রির জন্যে নাইক্ষ্যংছড়িতে অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে।
উদ্ধারকৃত একটি একে ৪৭ রাইফেলের ওপর হাতে লেখা ‘১০,০০০ নাম্বার’ প্রসংগে র্যাব কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে সহজে ধারণা করা যায়, এ এলাকায় আরও অস্ত্র মজুদ আছে।
অস্ত্র মজুদের সাথে কারা জড়িত?-- এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, পাহাড়ী সন্ত্রাসীরাই এ অস্ত্রের মজুদ গড়ে তুলেছে।
নাইক্ষ্যংছড়ির অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য র্যাবের হাতে রয়েছে। এ ব্যাপারে আরও নিশ্চিত হয়ে নাইক্ষ্যংছড়িতে শিগগিরই অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও উল্লেখ করেন, দুর্গম পাহাড়ী এলাকার কারণে নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীরা সহজে ঘাঁটি করতে পারে। আর এসব ঘাঁটিঁতে অভিযান চালানো বেশ কষ্টসাধ্য।
নাইক্ষ্যংছড়িতে উদ্ধার হওয়া অস্ত্রগুলো আজ সকালে পতেঙ্গায় র্যাব চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে সাংবাদিকদের দেখানো হয়।
রাজশাহীতে র্যাব ৫ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে র্যাব চট্টগ্রাম ও র্যাব রাজশাহীর দুটি দল এবং বিডিআর এর যৌথ টিম নাইক্ষ্যংছড়ির জারালিয়াছড়ির পাহাড়ী এলাকা থেকে ২০টি একে ৪৭সহ বিপুল পরিমাণে গোলাবারূদ উদ্ধার করেছে।
সেনাবাহিনীর মাইন ইউনিটের সহায়তায় মাঠির নীচে অস্ত্রগুলোর অবস্থান নির্ণয় করা হয়।
বান্দরবান সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি থেকে ৬৭টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৩০ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
