ভোরের কাগজে বোমা হামলার হুমকি দিয়েছে জেএমবি
বহুল প্রচারিত বাংলা দৈনিক ভোরের কাগজের অফিসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
পত্রিকাটির বার্তা সম্পাদক সুকল্প গুপ্ত অলক বিডিনিউজকে জানান, নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির পক্ষ থেকে বৃহস্পতিবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়।
ইংরেজীতে হাতে লেখা ওই চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ নিয়ে কোনো প্রতিবেদন না ছাপানোর জন্য সতর্ক করে দেওয়া হয়।
জানা যায়, এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ভোরের কাগজ কর্তৃপক্ষ রমনা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছে।
ওই চিঠিতে বলা হয়, ইসলামের দৃষ্টিতে ‘জাতির জনক মুজিব’ একটি ভিত্তিহীন ও ভূয়া শব্দ, যা শেরিকি গুণাহ। কিছু সংবাদপত্র ও সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দল শেখ মুজিব ও তার বাজে আদর্শ নিয়ে এসব শব্দ ব্যবহার করছে। এটি ইসলামী আইনের পরিপন্থী। কিছু সংবাদ মাধ্যম শেখ মুজিব এবং তার পরিবারের অতীত কর্মকাণ্ড সম্পর্কে লেখালেখি করছে।
এতে আরও বলা হয়, এ ধরণের লেখালেখি ও প্রচারণা ইসলামী আইনে অবৈধ এবং শেরিকি গুণাহ।
জেএমবির পত্রে বলা হয়, আমাদের লক্ষ্য শেরিকি গুণাহমুক্ত একটি মুসলিম দেশ। কোনো সংবাদ মাধ্যমে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং জাতির জনকের বিষয়ে কোনো প্রচারণা চালালে তার পরিণতি হবে ভয়াবহ।
এতে আরো বলা হয়েছে, এ চিঠি পাওয়ার পরও কোনো সংবাদ মাধ্যমে মুজিবুর রহমান ও তার অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো প্রচারণা অব্যাহত থাকলে, কোনো ধরণের সাবধানতার সুযোগ না দিয়েই তাদের অফিস অথবা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বোমা হামলা চালানো হবে।
তবে কেউ যদি এ ধরণের অনৈসলামিক ভূয়া আদর্শ থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে জামা’আতুল মুজাহিদীন তাদের স্বাগত: এবং সালাম জানাবে।
