২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশীদের ওপর বিএসএফ’র গুলিবর্ষণ সম্পর্কিত প্রতিবেদন উস্কানিমূলক: ভারতীয় হাইকমিশন

ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে গোলাগুলির ঘটনা নিয়ে ৩১ আগস্ট বাংলাদেশের সংবাদপত্রে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাকে উস্কানিমূলক ও একতরফা হিসেবে উল্লেখ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার সালদা নদীতে বালি তোলার সময় শ্রমিকদের ওপর এবং ক্ষেতে কাজ করার সময় এক কৃষকের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করার জন্য বিএসএফকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে।

ঘটনা সম্পর্কে বিএসএফ’র পাঠানো এক বিবৃতি উল্লেখ করে হাইকমিশন জানায়, ৩০ আগস্ট কামথানা বিএসএফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা বিজয় নদীতে ইঞ্জিনচালিত নৌকার শব্দ শুনতে পায়। নৌকাটি ভারতীয় সীমান্তের প্রায় ৫০০ গজ ভিতরে ছিল।

পরে কামথানা ফাঁড়ির কোম্পানি কমান্ডার বিএসএফ’র টহল দলকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বিজয় নদীর ভারতীয় সীমান্তে ৩০ থেকে ৩৫টি নৌকায় প্রায় ১০০ শ্রমিক বালি তুলছে।

এসময় বাংলাদেশী এসব ‘অপরাধী/চোরকারবারীরা’ বিএসএফ’র টহল দলের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফও পাল্টা গুলি চালালে তারা নৌকা নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজয় নদীর ভারতীয় অংশের তীরে দু’জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এদের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুত্তা গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে তাহির মিয়া। সে তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। এ ব্যাপারে বিশালগড় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপর ঘটনার ব্যাপারে বিএসএফ’র বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দিনাজপুর জেলার বিপরীতে অবস্থিত ভারতীয় উত্তর দিনাজপুর জেলার কুকরাধা বিএসএফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা দেখেন, পাঁচ/ছয় বাংলাদেশী সীমান্ত বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে আত্মসমর্পন করতে বললে এদের একজন বিএসএফ সদস্যদের প্রতি লোহার দা নিক্ষেপ করে। তখন আত্মরক্ষার উদ্দেশ্যে বিএসএফ দুই রাউণ্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই এক দুস্কৃতকারী নিহত হয় এবং অন্যরা বাংলাদেশে পালিয়ে যায়।

নিহত ওই ব্যক্তি হচ্ছে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার চিল্কলী গ্রামের আনিস মোহদের পুত্র আফসার আলী (৪২)। পরে বিএসএফ ও বিডিআর’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বিডিআর’র কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফ আফসার আলীকে গুলি করে সীমান্ত বেড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে বাংলাদেশের সংবাদপত্র যে অভিযোগ করে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এ ধরনের বানোয়াট ও অসত্য প্রতিবেদনের ফলে দুদেশের শান্তিপূর্ণ ও কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা ব্যাহত হবে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়নে বাধার সৃষ্টি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।