২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার দায়ে ২ পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর লালবাগ এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমদ জীবনকে হত্যার অভিযোগে লালবাগ থানার দুই দারোগা ও তিন পুলিশ সোর্সের বিরুদ্ধে বৃহস্পতিবার মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মামলার আসামীরা হচ্ছে এএসআই মাহফুজুল হক ও অন্য এক পুলিশ কর্মকর্তা, পুলিশ সোর্স নিরব ভূঞা, সাঈদ ও মোখলেছ ওরফে টুন্ডা মোখলেছ।

নিহতের স্ত্রী শাহনাজ আক্তার ডলি বাদী হয়ে দায়েরকৃত ওই মামলায় অভিযোগ করা হয়, চাঁদা দিতে অস্বীকার করায় বাঁেশর লাঠি দিয়ে পিটিয়ে এবং বিদ্যুৎপৃষ্ট করে জীবনকে হত্যা করা হয়েছে।

মহানগর হাকিম এজেডএম আবদুল্লাহ হেল বাকী মামলাটি গ্রহণ করে সিআইডি’র স্পেশাল পুলিশ সুপারিনটেনডেন্টকে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগের ৬০ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমদ জীবনের নেতৃত্বে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচি সফলভাবে পালিত হওয়ার পর আসামীরা ক্ষুব্ধ হয় এবং তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং আওয়ামী লীগের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। ১৮ আগস্ট নিহতের শহীদনগরের জেনারেটরের দোকান থেকে বাইরে ডেকে নিয়ে মোবাইল কার্ড কেনার কথা বলে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ওই দিন রাত ১ টার দিকে আসামীরা সুমনের বাসার দরজায় আঘাত করতে থাকে।

সুমন এসময় কাঠের জানালা ভেঙ্গে পালিয়ে যায। এরপর বাদিনী দরজা খুলে দেখেন, সুমন দৌড়ে চলে যাচ্ছে এবং এক পর্যায়ে তারা লক্ষ্য করে আসামীরা সুমনকে বাঁেশর লাঠি দিয়ে আঘাত করছে। বেদম মারধোর করে আসামীরা সুমনকে টিনের ছাঁদের ওপর ছুড়ে ফেলে চলে যায়। ছাঁদের ওপর বিদ্যুতের তার ছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে।

বাদিনীকে আদালতে জবানবন্দি দিতে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনজু নাজনীন, কাজী মো. সানাওয়ার হোসেন ও মমতাজ উদ্দিন মেহেদী।