২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ পত্রিকার বিরুদ্ধে সাংসদ শহিদুল ইসলামের মানহানি মামলা

ঝিনাইদহের সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার বৃহস্পতিবার চারটি জাতীয় এবং একটি স্থানীয় দৈনিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ, জনকণ্ঠ, মানবজমিন, ইনকিলাব ও স্থানীয় পত্রিকা গ্রামের কাগজে সাংসদ শহিদুল ইসলামকে জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর ঝিনাইদহের আমলি আদালতে তিনি এ মামলা দায়ের করেন। এসব পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে অভিযুক্ত করে এ মামলা দায়ের করা হয়।

বাদী শহিদুল ইসলাম তার অভিযোগে বলেন, এসব পত্রিকার ২৮ আগস্টের সংখ্যায় ‘সাংসদ শহিদুল ইসলামের নির্দেশ থাকা সত্ত্বেও ২৭ আগস্ট রাতে তার তিন কর্মীকে হাসপাতালের বেড না দেওয়ায় তারা যশোরের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইমদাদুল হককে মারধর করেছে’ বলে যে প্রতিবেদন প্রকাশ করে তা ঠিক নয়।

তিনি উল্লেখ করেন, তার কোনও কর্মী তার নির্দেশে এ ঘটনা ঘটায়নি। প্রকৃতপক্ষে বেড না পেয়ে রোগীর আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে ওই ডাক্তারকে লাঞ্ছিত করে।

উল্লেখ্য, ঘটনার দিন টেলিফোনে সাংসদ শহিদুল ইসলামকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য প্রকাশ করা যায়নি। তবে পরের দিন এ প্রতিবেদনের প্রতিবাদ করে সাংসদের দেওয়া বক্তব্য সংশ্লিষ্ট পত্রিকাগুলোতেও প্রকাশিত হয়েছে।