২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের বোদায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি : দুই জনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ডায়রিয়া পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে । গত ৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক রোগী বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ১ সপ্তাহে মারা গেছে এক শিশুসহ ২ জন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এরা হল ময়দানদিঘী এলাকার ঝাপটি বাকপুর গ্রামের আশরাফুলের শিশু পুত্র বাবুল (৪) এবং সাতখামার এলাকার মকবুল (২৬)।

গত ১৫ দিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলার নতুন নতুন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সহকারি অধ্যাপক ডা. লুৎফুন্নেসা সিদ্দিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম গত দু’দিন ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন।

বুধবার সরেজমিন গিয়ে জানা গেছে, নতুন করে সর্দ্দারপাড়া, জামাদারপাড়া, সমসেরনগর, মাঝগ্রাম, মুজাবর্নী এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ডায়রিয়া আক্রান্তদের অধিকাংশই শিশু ও মহিলা। এসব এলাকার রাসেল (৩), মনির (৩), সাধনা (৩), সিমলা (৭ মাস), মুনি (২), সাগর (৪), জরিনা (১০), সপিকুল (১০), পারুল (১২), শারমীন (১৪), রওশনারা (২২), রমিছা (২০), মর্জিনা (২৮), কুলসুম (১৪), ওয়াকিল (২২), তাহেরা (৩০), লিঠু (২০), আনসারুল (৫৫), জমিলা (৪০), জোসনা (৩৮)সহ কমপে অর্ধশত রোগী গতকাল বুধবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। রোগীদের ভিড়ে হাসপাতালের বেড সংকুলান না হওয়ায় অনেক রোগী ফ্লোরে চিকিৎসা নিচ্ছে।

আক্রান্তরা জানায়, দারিদ্য পীড়িত এসব গ্রামে বর্তমানে খাদ্যাভাব দেখা দিয়েছে। এ কারণেই মূলতঃ ডায়রিয়া দেখা দিয়েছে বলে আক্রান্ত রোগীদের অভিমত। রোগীদের ঠিকমত ওষুধপথ্য সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল টিমের সদস্য মোঃ আব্দুল করিম জানান, ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণ ও সমাধান বের করার জন্য আমরা নমুনা সংগ্রহ করেছি। তিনি দারিদ্র পীড়িত ওই সব গ্রামগুলোতে বর্তমানে খাদ্যাভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াৎ হোসেন ডায়রিয়ার কথা স্বীকার করে বলেছেন, স্যালাইনসহ ওষুধপথ্য পর্যাপ্ত রয়েছে। এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে।