খাগড়াছড়িতে জঙ্গিদের ছাড়িয়ে নেয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ চাঁদাবাজির অভিযোগে ইউপি মেম্বার গ্রেপ্তার
খাগড়াছড়ির দিঘীনালায় আইন শৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে আটককৃত জঙ্গিদের ছাড়িয়ে নেয়া ও মামলা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ বুধবার দিঘীনালা চোংড়াছড়ি ৮ নং ওয়ার্ড মেম্বার মিলন ফরাজীকে (৩০) গ্রেপ্তার করেছে।
পুলিশ তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
এলাকাবাসি অভিযোগ করে, চোংড়াছড়ি হতে আটককৃত কয়েকজন জামাতু’ল মুজাহিদীনের নেতাকে জেলখানা থেকে মুক্তি অথবা জামিনের কথা বলে মেরুং এলাকার মেম্বার মিলন ফরাজী সাড়ে ৩ লাখ টাকা আটককৃতদের পরিবারের নিকট থেকে তুলে আত্মাসাত করে। এ অভিযোগে এলাকাবাসি তাকে ঘেরাও এবং মারধর করে। ওই সময় সে নিজেকে নির্দোষ হিসেবে প্রমানের জন্য একজন সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেছিল।
মিলন ফরাজী কোন এক সময় খুলনা এসপি অফিসে নিজেকে সেনাবাহিনীর একজন কর্নেল বলে ভুয়া পরিচয় দিলে পুলিশ তাকে আটক করেছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়।
অপর একটি সূত্র জানিয়েছে, খাগড়াছড়ির টিএনটি গ্যাপ এলাকার কোন এক সময় একটি মাদ্রাসা করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসকের স্বাক্ষর জাল করার ঘটনা ফাঁস হয়ে গেলে খাগড়াছড়ি থেকে পালিয়ে মেরুং এলাকায় আত্মগোপন করেছিল। এই মিলন ফরাজীর সঙ্গে জেএমবি’র সাথে গোপন যোগাযোগ আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে।
