সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনে বক্তারা বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া নারীমুক্তি কষ্টসাধ্য
দু’দিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের দ্বিতীয় দিনে বক্তারা বলেন, রাষ্ট্রর পৃষ্ঠপোষকতা ছাড়া নারীমুক্তি কষ্টসাধ্য। তারা বলেন, নারী নির্যাতন পুরুষতন্ত্রেরই একটি ব্যাখ্যা। নারী অধিকার আদায়ে সচেতন হলে পুরুষেরা নারীর সহায়ক ভূমিকায় হবে অবতীর্ণ।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে বুধবার ‘নারী নির্যাতন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল বায়েস এতে সভাপতিত্ব করেন। আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুলতানা কামাল। অন্যান্যের মধ্যে এতে আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড.শিরিন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী প্রমুখ।
সুলতানা কামাল লিখিত প্রবন্ধে বলেন, নারীর প্রতি সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বৈষম্যমূলক চর্চা শুরু হয় পরিবারের ভেতর থেকেই। সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নারীদের এ বৈষম্যরই শিকার হতে হচ্ছে।
অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পুরুষতান্ত্রিকতা’ এমনই একটি শব্দ যেখানে নারীদের বেধে রাখা হয়েছে। পুরুষবাদী সমাজে বাস্তবে নারীর কোনো অস্তিত্ব থাকেনা। মতিয়া চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়নের জন্য রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতা দরকার, এছাড়া নারীদের পক্ষে সামনে এগিয়ে যেতে অসম্ভব।
তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে এখন নারীকে অবরুদ্ধ করা হচ্ছে। নারীর বিরুদ্ধে চালানো হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস।
