২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক তথ্যমন্ত্রীদের বৈঠক সমাপ্ত: সার্ক গণমাধ্যম উন্নয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি

সার্ক গণমাধ্যম উন্নয়ন তহবিল গঠনে একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নেপালে সার্কভুক্ত দেশগুলোর তথ্য মন্ত্রীদের বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিলক পোকারাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সার্কভুক্ত দেশগুলো এক লাখ মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। সার্ক গভর্নিং বোর্ডের কাছে এ তহবিলের নিয়ন্ত্রণ থাকবে। আগামী দুই বছরের জন্য এ বোর্ডের চেয়ারম্যান থাকবে ভারত।

নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী তঙ্কা ঢাকাল জানান, এ অঞ্চলের সরকারি-বেসরকারি গণমাধ্যমের উন্নয়নে এ তহবিল ব্যবহৃত হবে।

বৈঠকে আগামী ২০০৬ সালে একটি সার্ক চলচ্চিত্র উৎসব আয়োজনের ব্যাপারে শ্রীলঙ্কা সম্মত হয়েছে। চলচ্চিত্র উৎসবে টেলিফিল্ম ও প্রামাণ্যচিত্রসহ এ অঞ্চলের বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে। এছাড়া আগামী অক্টোবরে সার্কভুক্ত দেশগুলোর রেডিও, টিভি ও সংবাদ সংস্থার প্রধানদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

পাকিস্তানে যখন সার্ক চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে তখন তারা ভারতের চলচ্চিত্র প্রদর্শন করবে কি না এ ব্যাপারে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই দেখানো হবে এবং সম্ভবত তা দেখানো হবে উৎসবের একেবারে শুরুতেই।

‘নতুন সহস্রাব্দে সার্ক’ শীর্ষক প্রামাণ্যচিত্র তৈরির কাজ এ বছরের মধ্যেই শেষ করার ব্যাপারে তথ্যমন্ত্রীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যাতে অক্টোবরে সার্ক অডিও ভিজুয়াল এক্সচেঞ্জ (এসএভিই) কমিটি ছবিটি পর্যালোচনা করতে পারে। পাকিস্তান এ প্রামাণ্যচিত্রটির উন্নয়ন চালাচ্ছে।

প্লান অব অ্যাকশন অন ইনফরমেশন অ্যান্ড মিডিয়া ২০০৪ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে সার্ক তথ্যমন্ত্রীরা আগামী তিন মাসের মধ্যে ট্রান্সন্যাশনাল গাইডলাইনের ব্যাপারে মতামত প্রদানের ব্যাপারেও সম্মত হয়েছেন। এ অঞ্চলে স্যাটেলাইট সম্প্রচারের সুবিধার্থে তা করা হয়েছে।

সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোর মধ্যে ভারসাম্য আনার লক্ষ্যে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গঠনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারেও মন্ত্রীরা সম্মত হয়েছেন। প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্যগুলো নিয়ে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এ অঞ্চলের রেডিও, টিভি ও সংবাদ সংস্থার প্রধানদের বৈঠকে আলোচনা হবে।

‘ফোকাস’র টিভি সম্প্রচার ও সরকারি রেডিওতে সার্কের সংবাদ প্রচার এবং এ কর্মসূচির প্রধান বিষয়গুলো নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে অল ইন্ডিয়া রেডিওর সাথে যৌথভাবে পঞ্চম সার্ক কুইজ সম্প্রচারের ব্যাপারে তথ্যমন্ত্রীরা সম্মত হয়েছেন। ভারত জানিয়েছে, ওই অনুষ্ঠান সম্প্রচারে ভাষান্তরের সুবিধার জন্য তাদের বিশেষজ্ঞরা সফটওয়্যার উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন।

আগামী নভেম্বরে তিউনিসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) তাদের অভিন্ন অবস্থান উপস্থাপনের ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছে বলেও তথ্যমন্ত্রীদের বৈঠকে জানানো হয়েছে। সার্কের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান তিউনিসে এ অঞ্চলের অভিন্ন অবস্থানের বিষয়টি উপস্থাপন করবে।

এছাড়াও তথ্যমন্ত্রীরা বৈঠকে বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের আগে সার্কের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।