নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ২
নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং দুজন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অসুস্থ মেয়ের চিকিৎসা শেষে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল থেকে একটি রিকশা ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস (রংপুর-চ-৪০) রিকসা ভ্যানটিকে চাপা দিলে মাজেদা বেগম (২৭) ঘটনাস্থলেই মারা যায়। মাজেদা বেগম জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্রপাঠ গ্রামের আনারুল হকের স্ত্রী।
আহত আনারুল হক এবং ভ্যানচালককে নীলফামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধাওয়া করে বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে।
