জামাল উদ্দিন অপহরণ মামলার আসামি কালা মাহাবুবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
অবশেষে চট্টগ্রামের আলোচিত জামাল উদ্দিন অপহরণ মামলার আসামি কালা মাহাবুব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের কাছে সোমবার বিকেলে দেওয়া জবানবন্দিতে সে জামাল উদ্দিন অপহরণ ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিকেল ৫টা থেকে জবানবন্দি নেয়া শুরু হয় এবং রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জবানবন্দি গ্রহণ চলছিলো।
দুপুর একটায় র্যাব তাকে জবানবন্দি নেয়ার জন্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নিয়ে আসে।
এ নিয়ে জামাল উদ্দিন অপহরণ মামলায় ২জন আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ড্রাইভার সোবাহান ১৬ আগস্ট ২০০৩ এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।
কালা মাহাবুবকে ২০০৪ সালের ১৩ নভেম্বর র্যাব ফটিকছড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর কালা মাহাবুবকে তিন দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৪ সালের নভেম্বরে তাকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
কিন্তু সে জামাল উদ্দিন অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্পষ্ট কিছুই বলেনি। সর্বশেষ ১৩ আগস্ট এ মামলার অন্যতম প্রধান আসামি শহীদ চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর আবারো কালা মাহাবুবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
কালা মাহাবুব ২৪ আগস্ট র্যাবের কাছে জামাল উদ্দিন অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে জামাল উদ্দিনের সন্দেহে একটি কঙ্কাল উদ্ধার করা হয়।
এ মামলার অপর দুই আসামি শহীদ চেয়ারম্যানকে সোমবার আরো পাঁচদিন এবং কুমিল্লা থেকে গ্রেফতারকৃত শফিকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়।
