শেরপুরে আদালত থেকে আসামির পলায়ন, ৬ পুলিশ বরখাস্ত
শেরপুর সদর কোর্ট থেকে সোমবার সন্ধ্যায় চুরি ও প্রতারণা মামলার এক আসামি পালিয়ে গেছে। হাফিজুর রহমান (২২) নামের ওই আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছিল।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে শহরের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে।
এদিকে কর্তব্যে অবহেলার কারণে ওই সময় আসামীর দায়িত্বে থাকা দুইজন হাবিলদার ও চারজন কনস্টবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নালিতাবাড়ি থানা পুলিশ জানায়, চুরি ও প্রতারণার অভিযোগে থানা পুলিশ তাকে রোববার রাতে টুপাকুড়া এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডের আবেদনসহ সোমবার তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়।
আদালতে হাজিরা শেষে থানার ২০ জন আসামির সঙ্গে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে সে হাতকড়া খুলে পালিয়ে যায়। আসামি গুনতে গিয়ে তাকে না পেয়ে পুলিশের টনক নড়ে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাফিজের বাড়ি নালিতাবাড়ি থানার টুপাকুড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
