অর্ধশত যাত্রী নিয়ে কপোতাক্ষ নদীতে বাস নিমজ্জিত, ৫টি লাশ উদ্ধার, নিখোঁজ ৪০
খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদীতে সোমবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিমজ্জিত হয়েছে।
এ রিপোর্ট লেখা (রাত সাড়ে আটটা) পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্টার শামছুলের হকের স্ত্রী জাহানারা বেগম (৪০) এবং তার পুত্র আল আমিন (৯) ও কন্যা নাসিমা (১২) রয়েছে। উদ্ধারকৃত অন্যরা হচ্ছে আলতাবুনিয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী ফাতেমা (৩০) ও পুত্র সোহরাব (১১)। আহত শামছুল হককে কয়রা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত ৪০ জনের বেশি যাত্রী আটকা পড়ে মারা গেছে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে কয়রা গামী যাত্রীবাহী পলাশ পরিবহনের একটি বাস (পাবনা-জ-০৪-০০২৪) বিকেল সাড়ে তিনটায় খুলনা শহর থেকে ১০০ কিলোমিটার দুরে সুন্দরবনের কাছে চাঁদ আলী ফেরী ঘাটে পৌঁছে ফেরীতে উঠার মুহূর্তে পানিতে পড়ে যায়। পুলিশ জানায়, বাসটির মাত্র তিনজন যাত্রী সাঁতরে তীরে পৌঁছুতে সক্ষম হয়েছে। যাত্রীদের অনেকেই প্রবল স্রোতের টানে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
