আগুনে পুড়িয়ে হত্যার দায়ে রাজশাহীতে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
গায়ে কোরেসিন ঢেলে আগুনে পুড়িয়ে এক মহিলাকে হত্যার দায়ে রাজশাহীতে তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক একেএম সিরাজুল ইসলাম সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো-বাঘা উপজেলার তসিরুদ্দিনের তিন পুত্র-শফিকুল, আরশাদ ও এমদাদুল।
প্রত্যেক আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৭ জুন বাঘার খোদ্দবাউশা গ্রামের রুমী নামে এক মহিলাকে রাতের বেলা কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রুমী মারা যায়। রুমীর পিতা বাদি হয়ে বাঘা থানায় মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে।
বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন রঞ্জু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এখলাক হোসেন।
