পর্যটন করপোরেশন ও বাংলাদেশ বিমানের মধ্যে প্যাকেজ ট্যুর চুক্তি সম্পন্ন
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ বিমানের মধ্যে সোমবার প্যাকেজ ট্যুর বিপণন সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে করপোরেশনের পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আলাউদ্দিন ও বিমানের পক্ষে বাংলাদেশ বিমানের মহাব্যাবস্থাপক (বিপণন) এসকে জুনায়েদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. মাহফুজুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ বিমানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক এ প্যাকেজ কর্মসূচি বাংলাদেশ বিমানের বৈদেশিক অফিসসমূহে বিপণন করা হবে।
বিদেশের বাজারে বাংলাদেশের পর্যটন শিল্পের বিপণনে এটাই প্রথম প্রচেষ্টা। এই চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ বিমান তার বৈদেশিক অফিস ও বিপণন নেটওয়ার্কের মাধ্যমে প্যাকেজ বিপণন করবে ও বিদেশী পর্যটকদের বাংলাদেশের বিমান বন্দরে পরিবহনের দায়িত্ব নেবে। এছাড়া প্যাকেজের আওতায় বাংলাদেশ পর্যটন করপোরেশন বিমান বন্দরে বিদেশী অতিথিদের স্বাগত জানাবে এবং দেশের ভেতরে ঘোরাঘুরি ও ভ্রমণ শেষে বিমান বন্দরে বিদায় জানাবে।
এই প্যাকেজের আওতায় পর্যটকদের দেশের কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, মংলা, সুন্দরবন যশোরসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরিয়ে দেখাবে। এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা পুলিশের পাশাপাশি পর্যটনের নিজস্ব নিরাপত্তা ব্যাবস্থাও থাকবে।
প্যাকেজে বিভিন্ন পর্যটন এলাকায় চার, তিন, দুই ও এক দিনের প্যাকেজ ট্যুর রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-রাঙ্গামাটি-ঢাকা তিন দিন দুই রাতের প্যাকেজে পাঁচ জনের জন্য ১৩২ মার্কিন ডলার অফার করা হয়েছে।
এছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-টেকনাফ-সেন্টমার্টিন-ঢাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকাসহ বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রের জন্য ১২টি প্যাকেজ রাখা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. মাহফুজুল হক বলেন, যৌথ প্যাকেজ ট্যুর বিপণনের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ বিমানের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হলো তা বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেবে। তিনি আরও বলেন, এই চুক্তির সুফল পেলে পর্যটন শিল্পের বিকাশে অন্যান্য এয়ারলাইন্সের সাথে চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
