কক্সবাজার বিমান বন্দর ঝুঁকিপূর্ণ অবস্থায় বিমান ওঠা নামা করছে
কক্সবাজার বিমান বন্দর দিন দিন বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিমান বন্দরের রানওয়েতে ব্যাপক ফাটল দেখা দেওয়ায় এখনই মাঝারি আকারের বিমান পূর্ণ সংখ্যক যাত্রী নিয়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংস্কারের অভাবে কক্সবাজার বিমান বন্দর রানওয়েতে বেশ কিছুদিন আগে ফাটল ধরে। এই ফাটলজনিত কারণে বিমান ওঠানামা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আর এ কারণে বছরখানেক আগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ষ্টেশন কর্তৃপক্ষের কাছে এক নির্দেশ জারি করে।
এ নির্দেশে জানানো হয়, ২৮ জনের বেশি যাত্রী নিয়ে কক্সবাজার বিমান বন্দরে বিমানের কোন ফ্লাইট ওঠানামা করতে পারবে না। সেসময় থেকে বাংলাদেশ বিমানের এফ-২৮ সিরিজের মাঝারি আকৃতির বিমানগুলো ঢাকা-কক্সবাজার রুটে ২৮ জনের বেশি যাত্রীকে টিকেট দিচ্ছে না।
অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও ৮০ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানের ৫২ সিটই খালি যাচ্ছে। ফলে বিমানের প্রতিমাসে অন্তত ২০ লাখ টাকা লোকসান হচ্ছে।
এ কারণে গত এক বছরে বিমান অন্তত দুই কোটি টাকা লোকসান দিয়েছে।
এ বিষয়টি স্বীকার করে কক্সবাজার বিমান বন্দর স্টেশনের ব্যবস্থাপক কামাল মিয়া সরকার বিডিনিউজকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা গত প্রায় বছরখানেক ধরে ২৮ জনের বেশি যাত্রীকে টিকেট দিতে পারছি না।
জানা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিমান ২৮ জনের বেশি যাত্রী না নিলেও বেসরকারি পরিবহন জিএমজি পূর্ণসংখ্যক যাত্রী নিয়ে আসা যাওয়া করছে। বাংলাদেশ বিমান এবং জিএমজি উভয়ই সপ্তাহে চারদিন কক্সবাজারে আসা যাওয়া করে।
বর্তমানে বিমানের এফ-২৮ এবং জিএমজির ড্যাশ-৮ বিমান কক্সবাজারে আসা যাওয়া করে। জিএমজির ড্যাশ-৮ সিরিজের বিমান ১০০ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন।
জানা যায়, কক্সবাজার বিমান বন্দর রানওয়ে নির্মিত হয় ১৯৯০ সালে। এরপর কয়েকবার সংস্কার হয়েছে নামমাত্র।
প্রকৌশল সূত্র জানায়, কক্সবাজার বিমান বন্দর রানওয়ের ফেক্সিবল পেভমেন্ট মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি এর উপরের স্তরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপরের স্তরের নূন্যতম পিসিএন (পেভমেন্ট ক্ল্যাসিফিকেশন নাম্বার) ১২ অর্থাৎ চার ইঞ্চি হওয়ার কথা থাকলেও কক্সবাজার বিমান বন্দরে তিন ইঞ্চিরও কম। ফলে দুর্ঘটনা এড়াতেই বাংলাদেশ বিমান এই পদক্ষেপ নিয়েছে।
সূত্র আরো জানায়, কক্সবাজার বিমান বন্দর রানওয়ের দৈর্ঘ্য বর্তমানে ছয় হাজার ৭০০ ফুট। আর প্রস্থ ১৫০ ফুট। আপাততঃ এক থেকে দেড়কোটি টাকা ব্যয়ে রানওয়ের প্রয়োজনীয় সংস্কার সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কারিগরী বিশেষজ্ঞরা।
