খাগড়াছড়িতে বোমা হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি’র আমীর নাসির গ্রেফতার
খাগড়াছড়ির পানছড়ি বাজার থেকে পুলিশ রোববার দুপুরে খাগড়াছড়ি জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আমীর ও বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী নাসিরকে (৩৫) গ্রেফতার করেছে। নাসিরের বাড়ি দিনাজপুরে।
খাগড়াছড়ি থানা পুলিশ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে নাসিরের সহযোগী, জেএমবি’র তিন সক্রিয় সদস্য সাগর (১৮), সাকিব খান (১৮) এবং সবুজ আলী (২২)কে তার ইসলামপুরের বাসা থেকে গ্রফতার করেছে। এছাড়া পুলিশ বোমা তৈরির সরঞ্জাম এবং ইসলামী জঙ্গি সংগঠনের একাধিক বই ও লিফলেট উদ্ধার করেছে। গ্রেতারকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
নিরাপত্তাবাহিনীর হাতে জেলার দিঘিনালার চোংড়াছড়ি এলাকা থেকে আটক আনসার সদস্য এবং জেএমবি সদস্য শহিদুল ও দিঘীনালা জেএমবির আমীর এমদাদুল পুলিশী রিমান্ডে বোমা হামলায় সম্পৃক্ত থাকার ঘটনা এবং অন্যান্য চাঞ্চল্যকর তথ্য দেওয়ায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে জঙ্গিদের তল্লাশি এবং সন্দেহভাজন লোকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
সাগর, সাকিব খান এবং সবুজ আলী জিজ্ঞাসাবাদে স্বীকার করে, ১৭ আগস্ট খাগড়াছড়িতে বোমা হামলার পুরো পরিকল্পনা করেছিল নাসির। হামলার ১৫ দিন আগে নাসিরের বাসায় পাচঁটি বোমা তৈরি করা হয়। তৈরিকৃত বোমাগুলো জেলার পাঁচটি স্থানে রাখার জন্যে নাসির রিকশাচালক সাগরকে ৪০০ টাকা দেয়। সে অনুযায়ী সাগর ১৭ আগস্ট ভোরে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা আদালত চত্বর, মুক্তমঞ্চ, শহীদ কাদের সড়ক এলাকায় বোমাগুলো পেতে রাখে।
