২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০-৩১ আগস্ট ঢাকায় সন্ত্রাস বিরোধী সম্মেলন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগামী ৩০-৩১ আগস্ট রাজধানীতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে একতা সম্মেলন-২০০৫’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ আগস্ট সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন।

‘সন্ত্রাসের বিরুদ্ধে একতা’ শীর্ষক ব্যানারে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদের নেতৃত্বে সুশীল সমাজের সদস্যরা এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হল।

সন্ত্রাস এবং আইনের ভূমিকা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলনে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, সামাজিকভাবে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল ছাড়া সকল দলের নেতৃবৃন্দকেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে একতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হলেও সম্মেলনে আসতে পারবে না বলে অক্ষমতা প্রকাশ করেছেন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন বিদেশী প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে তারা সম্মেলনে যোগ দিতে পারছেন না।

ব্যরিস্টার রোকনউদ্দিন আরও বলেন, দুই দিনব্যাপী সম্মেলনে ‘সন্ত্রাসবাদ : বিচারের পরিবেশ, রাষ্ট্রিয় সন্ত্রাস বনাম আইনের ভূমিকা, বাংলাদেশের সংখ্যালঘু : অসহিষ্ণুতা অধিকার অস্বীকার, নারী নির্যাতন, চিন্তার স্বাধীনতা বৃদ্ধি, উগ্রবাদিতা ও জঙ্গিবাদ : এর প্রতিকার বিষয়ে সেমিনার আয়োজন করা হবে।

রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং অন্যান্য মানবাধিকার কর্মী সম্মেলনে অংশ গ্রহণ করবেন। এছাড়াও যারা সরাসরি সন্ত্রাসবাদের শিকার হয়েছে তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ব্যাপারে সম্মেলনে আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল মাল আব্দল মুহিত, রামেন্দু মজুমদার, ড. শেখর দত্ত, ড. হারুনুর রশীদ, শামসুজ্জামান খান, গোলাম কদ্দুস এবং এইচটি ইমাম উপস্থিত ছিলেন।