২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামা’আতুল মুজাহিদীনের আমীরের স্বীকারোক্তি: দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের একাধিক ঘাঁটি

পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘীনালা এলাকায় নিরাপত্তাবাহিনীর হাতে আটক এমাদুল মাস্টার নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেকে জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) উপজেলা আমির বলে স্বীকার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, নিরাপত্তাবাহিনীর কাছে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড়ে রয়েছে জঙ্গি প্রশিক্ষণের একাধিক ঘাঁটি। খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় রয়েছে এরকম একাধিক জঙ্গি প্রশিক্ষণ অঞ্চল।

বুধবার নিরাপত্তা বাহিনী গোপন অভিযান চালিয়ে দিঘীনালার চোংড়াছড়ি এলাকার ওই জঙ্গি নেতাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, রাজশাহী ও চট্টগ্রাম থেকে দুজন কমান্ডার নিয়মিত দিঘীনালায় এসে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের জঙ্গি সদস্যদের নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণও দেওয়া হয়েছে ওই ক্যাম্পে।

এদিকে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ জঙ্গি সদস্য শহিদুল ইসলাম পালিয়ে যাওয়ার পর অন্য সদস্যরাও গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গারটেক এলাকা থেকে ক্যাপ্টেন মাসুদ পারভেজ উপজেলা আমির এমাদুল মাস্টারকে (৩২) আটক করে। তার বাবার নাম নুরুল ইসলাম। সে উপজেলার চোংড়াছড়ি মসজিদের ইমাম।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরো স্বীকার করেছে, চট্টগ্রাম থেকে জনৈক আবুজার এবং নওগাঁর রানী নগর থেকে মিনহাজ নামে দুব্যক্তি মাঝে মধ্যেই দিঘীনালায় এসে জঙ্গি সদস্যদের সঙ্গে মতবিনিময় করত। তিন/চার মাস আগে এদুজন চোংড়াছড়িতে গান পাউডার ব্যবহার করে বোমা তৈরি করে। পরে গভীর রাতে পাহাড়ে সেগুলোর বিস্ফোরণ ঘটিয়ে সদস্যদের জিহাদে উদ্বুদ্ধ করা হয়।

গত ১৭ আগস্ট দেশ কাঁপানো বোমা হামলার পর খাগড়াছড়িতে পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, আবদুল মুনাফ (৩৫), আবুল হাসেম (৪২) নোমান (৩৫) ও এমাদুল মাস্টার (৩২)। আটককৃতদের সেনা ও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এদিকে পুলিশের হেফাজত থেকে পলাতক জঙ্গি শহিদুলের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।