মন্ত্রীর ভাগ্নে পরিচয় দিয়ে এক হিন্দু পরিবারের জমি দখল ও দেশ ত্যাগের হুমকি
রাজধানীর বাড্ডা থানার ভাটারা এলাকায় মন্ত্রীর ভাগনে পরিচয় দিয়ে এক হিন্দু পরিবারের জমি দখল ও তাদের দেশ ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
এতে ওই পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেট রূপচাঁন সরকার, তার স্ত্রী গীতা রানী সরকার, ভাই ও স্কুল শিক্ষক মানিক চন্দ্র সরকার, মধুমোহন সরকার ও সুদন চন্দ্র সরকার।
ঢাকা বারের সদস্য অ্যাডভোকেট রূপচাঁন সরকার অভিযোগ করেন, বাড্ডা এলাকার আবুল হোসেন ছৈলা ও তার লোকজন দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ১০ শরিকের প্রায় ৬৯ বিঘা জমি দখলের পাঁয়তারা করছে। এর মধ্যে রূপচাঁন ও মানিকের পরিবারেরই রয়েছে মোট ২৯ বিঘা জমি।
রূপচাঁনের স্ত্রী গীতা রানী অভিযোগ করেন, জমি দখল করতে তারা স্থানীয় পুলিশ প্রশাসনকেও ব্যবহার করছে। আবুল হোসেন ছৈলা নিজেকে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার ভাগ্নে পরিচয় দিয়ে প্রশাসনকে ব্যবহার করে তাদের জমি থেকে উচ্ছেদ ও দেশ ত্যাগে বাধ্য করার হুমকি দিচ্ছে।
এতে ব্যর্থ হলে তাদের হত্যা এবং সন্তানদের অপহরণ করবে বলেও তাদের হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে পরিবারটির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
