২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমান বন্দরে বোমাতঙ্ক, আন্তর্জাতিক ফ্লাইট ৮ ঘন্টার বেশি বিলম্বিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সকাল সাড়ে আটটার দিকে কে বা কারা ফ্লাইট কন্ট্রোল টাওয়ারে ফোন করে দুবাইগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটের ভেজিটেবল কন্টেইনারে শক্তিশালী একটি বোমা পেতে রাখা আছে বলে জানালে বিমান বন্দর কর্র্তৃপক্ষ প্রায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে।

কর্তৃপক্ষ দুবাই-চট্টগ্রাম ফ্লাইট স্থগিত রাখে। ২৮০ জন যাত্রী নিয়ে ফ্লাইটটির দুবাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল সকাল ন’টা ২০ এ ।

দেশ জুড়ে সিরিজ বোমা হামলার পর সরকার ঘোষিত রেড অ্যালার্টের ফলে এমনিতেই বিমান বন্দরের সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কিন্তু ফ্লাইট সিকিউরিটি কর্মীরা বোমার সংবাদ পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজনদের নিয়ে গূরুত্বপূর্ণ সকল স্থানে সক্রিয় অবস্থান নেয়।

এরপর বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা যাত্রীদের উদ্দেশ্যে এক ঘোষণায় জানায়, অনিবার্য কারণে বিজি ০৪৭ ফ্লাইট বিকাল পাঁচটায় দুবাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমান বন্দর ত্যাগ করবে।

দুপুর দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, কর্তৃপক্ষ তল্লাøশি চালিয়ে কোন বোমার সন্ধান পায় নি। কর্তৃপক্ষ সে সময় বিমান অবতরন স্বাভাবিক রয়েছে বলে দাবি করে।

বেসামরিক বিমান সূত্র জানায়, আবুধাবি, মাসকাট এবং থাইল্যান্ড থেকে আগত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট যথাযথভাবে বিমান বন্দরে অবতর করেছে। অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইটও চালু থাকে। তবে যাত্রীরা জানান, বোমা আতঙ্কের কারনে ফ্লাইট বিলম্বিত হয়।