খুলনার দখল হয়ে যাওয়া সাড়ে ১০ হাজার সরকারি জমি পুনরুদ্ধার তৎপরতা থমকে আছে
খুলনা মহানগরীসহ জেলার প্রায় সাড়ে ১০ হাজার দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার তৎপরতা স্তিমিত হয়ে পড়েছে।
অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ওই জমি জবর দখল করে রেখেছে। এসব জমির মূল্য প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা।
দখলদারদের আয়ত্ত্বে থাকায় জমির বিপরীতে সরকার বছরে ৫০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সরকারি ভূমি পুনরুদ্ধারে একাধিক নির্দেশ দিলেও জেলা প্রশাসন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
খুলনা ভূমি অফিস সূত্রে জানা গেছে, দখলকৃত জমির মধ্যে রেলওয়ের ৪৩২ একর, সিটি করপোরেশন সাত একর এবং বাকি ১০ হাজার একর অর্পিত সম্পত্তি। স্বাধীনতার পর ১৯৭২ সালের মাঝামাঝি সময়ে অর্পিত ও রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীকালে সরকার অবৈধ দখলদারদের উচ্ছেদ পরিকল্পনা গ্রহণ করলেও তা বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ক্ষমতাসীনরা এসব জমি উদ্ধারের পরিবর্তে অবৈধ দখলের প্রতিযোগিতায় নামে। এক্ষেত্রে জেলা প্রশাসনের যোগসাজস রয়েছে বলে অভিযোগ রয়েছে।
দেশ স্বাধীনের পর মহানগরীর কে-রোডের পশ্চিম পাশে রেলওয়ের জায়গায় একটি বড় খেলার মাঠ ছিল। পরবর্তীতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খেলার মাঠটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেয়। অভিযোগ রয়েছে, ওই লিজ সম্পাদনের সাথে রেলওয়ের এক শ্রেণীর দূর্নীতিবাজ কর্মকর্তা জড়িত ছিল। দখলকরা ওই জমিতে ১৯৮২ সালের পর থেকে শহীদ সোররাওয়ার্দী মার্কেট, স্টেশন রোড মার্কেট, শেরে বাংলা মার্কেট, সাউদিয়া মার্কেট, খানজাহান আলী হকার্স মার্কেট, ভাসানী মার্কেট এবং এসএমএ রব শপিং কমপ্লেক্স নামে অভিজাত বিপণী কেন্দ্র গড়ে তোলে।
রলওয়ের একটি সূত্র জানায়, ১৯৮৩ সালে রেলওয়ের সম্পত্তিতে পাকা ভবন ও ছাদ নির্মাণের বিধান না থাকলেও তা মানা হয়নি। তাছাড়া মহনগরী এলাকায় পাকা ভবন নির্মাণের আগে কেডিএ’র নকশা অনুদানের বিধান থাকলেও অবৈধ দখলদাররা তার কিছুই মানেনি।
কেডিএ’র সূত্র জানায়, বেশ কয়েকবার অবৈধ স্থপনা ও রেলওয়ের সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হলেও প্রভাবশালী ব্যক্তিদের হস্তেেপ উদ্ধার প্রক্রিয়া ধামা চাপা পড়ে যায়। তবে ১৯৯৯ সালের ১১ আগস্ট খুলনার নামকরা সন্ত্রাসী ও রেলওয়ে সম্পত্তির সিংহভাগ দখলকারী এরশাদ শিকদার গ্রেফতার হলে রেলওয়ে এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। কিন্তু অবৈধদখলদাররা বিভিন্ন ধরনের কাগজপত্র দেখিয়ে আদালতের শরনাপন্ন হয়। এক পর্যায়ে আদালতে নির্দেশ উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের ১৯ একর জমির তিন বছর আগে অবৈধ দখলমুক্ত হলেও এখনও সাত একর জমি অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই জমি দখলমুক্ত করতে বর্তমানে আদালতে মামলা চলছে।
অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১৮ হাজার একর অর্পিত সম্পত্তির মধ্যে ১০ হাজার একর সম্পত্তি অবৈধ দখলে রয়েছে। অবৈধ জমি উদ্ধারে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছে। দেওয়ানি আদালতে মামলা জটের কারণে এসব মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটছে।
অবৈধ এ সব সম্পত্তি উদ্ধার না হওয়ায় গত বছর ২২ এপ্রিল ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি সরকারি ভূমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসনকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দেওযা হলেও সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি।
