দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ঢাকা থেকে কিছু লঞ্চ গন্তব্যে যাত্রা করেছে
দেশের দক্ষিণাঞ্চল ও কেন্দ্রীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার ফলে আবহাওয়া অফিস আভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ২ নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আকস্মিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার বিকালে এ সতর্কতা সংকেত প্রদান করে।
আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কতা সংকেত লঙ্ঘন করে বেশকিছু নৌযান বুধবার রাত নয়টা পর্যন্ত সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে সদরঘাট থানা পুলিশ সূত্র জানায়।
আবহাওয়া অধিদপ্তরের একজন জানান, ইতোমধ্যে আমরা ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার নৌবন্দরগুলোকে ২নং সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছি।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের ২৮ টি আভ্যন্তরীণ নৌরুটের সব লঞ্চ চলাচল বুধবার বিকাল থেকে স্থগিত করা হয়েছে। ৬৫ ফুটের চেয়ে কম দৈর্ঘের লঞ্চগুলো এ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার ঢাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাটগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়।
