কাঠমান্ডুতে সার্ক তথ্য মন্ত্রীদের বৈঠক আগামী সপ্তাহে
দক্ষিণ এশিয়া অঞ্চলের গণমাধ্যমের উন্নয়নে ১৯৯৮ সালে ঢাকায় গৃহীত ১৮ দফা কর্ম-পরিকল্পনার ফলোআপ হিসেবে আগামী সপ্তাহে সার্কভুক্ত দেশের তথ্যমন্ত্রীরা কাঠমান্ডুতে বৈঠকে মিলিত হচ্ছেন।
২৯ আগস্ট শুরু হতে যাওয়া দুইদিনব্যাপী এ বৈঠকে কর্মপরিকল্পনাসমূহ নিয়ে আলোচনা করা হবে এবং তাদের সুপারিশমালা আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে উপস্থাপন করা হবে।
১৯৯৮ সালের বৈঠকে দক্ষিণ এশিয়া অঞ্চলের তথ্যখাতের উন্নয়নে ১৮ দফা কর্ম-পরিকল্পনা গৃহীত হয় এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বশেষ বৈঠকে ১১ দফা বাস্তবায়নে সম্মতি জানানো হয়। এবারের বৈঠকে বাদ-বাকি দফাগুলো নিয়ে আলোচনা হবে।
এ কর্ম-পরিকল্পনায় ২০০৭ সালকে ‘সার্ক মিডিয়া ইয়ার’ হিসেবে উদযাপনের কথা উল্লেখ করা হয়েছে।
এতে সদস্য দেশগুলোকে গণমাধ্যম ট্রান্সমিশন এবং তথ্য আদান প্রদানে পোস্টাল ও টেলিযোগাযোগ চার্জ হ্রাস করতে বলা হয়েছে। সাতটি দেশের জাতীয় টেলিভিশন, রেডিও এবং সংবাদ সংস্থার প্রধানদের নিয়ে বার্ষিক বৈঠক আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।
তথ্যমন্ত্রীদের এ বৈঠকে এশিয়ার গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের ভিসা সহজীকরণের ইস্যু নিয়েও আলোচনা করা হবে।
