২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমাটিয়া মহিলা কলেজের সাবেক অধ্যাপককে জবাই করে হত্যা

রাজধানীর ধানমন্ডি এলাকায় মঙ্গলবার রাতে নিজ বাসভবনে লালমাটিয়া মহিলা কলেজের সাবেক এক অধ্যাপককে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কারা, কেন এ বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নিহত অধ্যাপক কাজী সুহিন নাহার (৫১) সাবেক মন্ত্রী পরিষদ সচিব কাজী শামসুল আলম এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক কাজী শহীদুল আলমের বোন।

কাজী শহীদুল আলম জানান, রাত পৌনে তিনটার দিকে বাড়ির ভাড়াটিয়াদের মাধ্যমে তিনি এ হত্যাকাণ্ডের সংবাদ পান। খবর পেয়ে তিনি ধানমণ্ডির ৬/এ রোডের ৬৯/সি নম্বর বাসায় ছুটে যান এবং তৃতীয় তলার ফ্ল্যাটে সুহিনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের বড় ভাই শহীদুল আলম সাংবাদিকদের বলেন, তার বোনের বাসার কাজের ছেলে শরিফুল ইসলাম (১৮) কে তারা এ ব্যাপারে সন্দেহ করছেন।

বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা সাংবাদিকদের জানান, তারা মঙ্গলবার রাতে ওই ছেলেটিকে কিছু জিনিসপত্রসহ বাড়ি থেকে বের হতে দেখেছে।

নিহতের পারিবার সূত্র জানায়, ১০ বছর আগে সুহিনের বিয়ে বিচ্ছেদ হয়। তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে।

এ ব্যাপারে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।