২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অপহরণ চেষ্টাকালে আটক ২

ফেনীতে ভ্রাম্যমান আদালত চলাকালে একজন পুলিশ সদস্যকে অপহরণ করে পালানোর সময় চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিডিআরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের কাছে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন। এসময় নোয়াখালী এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-০৩৬৯) ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ভ্রাম্যমান আদালত কাগজপত্র পরীক্ষার জন্যে দাঁড় করায়। এসময় একদিকে ম্যাজিস্ট্রেট কাগজপত্রের জন্যে অপেক্ষা করছিলেন এবং অন্যদিকে পুলিশের নায়েক বিকাশ চন্দ্র সেন বাসের ভেতরে ঢুকে কোন অবৈধ পণ্য আছে কিনা পরীক্ষা করছিলেন। হঠাৎ বাসটি বিকাশকে নিয়ে মহিপালের দিকে যাত্রা শুরু করে। বিষয়টি সঙ্গে সঙ্গে মহিপাল হাইওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ মহিপালে বাসটি আটক করে। এ সময় বিকাশকে উদ্ধার এবং চালক জালালউদ্দিন ও নুরনবীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফেনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।