২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রথম আলো ও মানবজমিন সম্পাদক, প্রকাশক, প্রতিনিধিসহ ৮ জনের নামে মামলা

বাগেরহাটে বিএনপি দলীয় সংসদ সদস্য এমএএইচ সেলিমের মালিকানাধীন একটি বাড়িতে অবস্থিত বন্ধ পত্রিকা অফিসে গত ১৭ আগস্ট রাতে দুই বোনকে আটকে নির্যাতন সংক্রান্ত সংবাদ প্রকাশের দায়ে দৈনিক প্রথম আলোসহ দু’টি পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকদের নামে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এ ঘটনার অন্যতম শিকার লক্ষ্মী রানী দাস (১৫) নামে এক কিশোরী বাদি হয়ে বাগেরহাট আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

আসামিরা হচ্ছে, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম, বার্তা সম্পাদক সানাউল্লাহ লাভলু, বাগেরহাট প্রতিনিধি আহাদ হায়দার, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, বার্তা সম্পাদক শহিদুল আজম এবং ওই পত্রিকায় বাগেরহাটে কর্মরত স্টাফ রিপোর্টার আহসানুল করিম।

লক্ষ্মী রানী দাস তার মামলায় ঘটনাটি মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং তার ও এমপি সেলিমের জন্য সম্মানহানীকর বলে উল্লেখ করেন।

বাগেরহাট আমলী আদালত ‘খ’ অঞ্চলের বিচারক মো. সবুর হোসেন বাদির দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

গত ১৯ আগস্ট দৈনিক জনকন্ঠ, দৈনিক প্রথম আলো, মানবজমিন, দৈনিক জনতা, দৈনিক রানার, দৈনিক জন্মভূমি, দৈনিক প্রবর্তন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক প্রবাহ দৈনিক সুন্দরবনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় উল্লিখিত বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছিলো।