সার্ক শীর্ষ সম্মেলন সামনে রেখে সাফটা ইস্যুতে আলোচনা সংকটাপন্ন
সার্ক শীর্ষ সম্মেলন ঘনিয়ে আসায় সাফটা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠক সংকটাপন্ন হয়ে পড়েছে।
২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা বাস্তবায়নের তারিখ নির্ধারিত থাকায় নভেম্বরের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছুতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফজলুর রহমান বলেন, সময়ের সীমাবদ্ধতা কথা বিবেচনা করে এবং সার্ক শীর্ষ সম্মেলনের কারণে আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাফটা নিয়ে আলোচনায় বসার ব্যাপারটি এ সময়ে সার্কভুক্ত সাতটি দেশের জন্যেই একটি বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষজ্ঞ কমিটি সাফটা (সাউথ এশিয়ান ফ্রি টেড এগ্রিমেন্ট) বাস্তবায়নে বিস্তারিত আলোচনার জন্য নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৈঠকে বসবে।
২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাউথ এশিয়ায় মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের ১২তম শীর্ষ সম্মেলনে সাফটা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
এ ব্যাপারে আলোচকরা গত এক বছর ধরে চারটি অমীমাংসিত ইস্যুতে ঐকমত্যে পৌঁছানোর জন্য কঠিন সময় অতিবাহিত করে আসছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন নেগোশিয়েটর বিডিনিউজকে জানান, সদস্য দেশগুলো টেকনিক্যাল ইস্যুতে ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছেন। প্রারম্ভিক নীতিমালা ও এলডিসি দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের নীতি সংক্রান্ত ইস্যু দুটিতেও আলোচকরা ঐকমত্য প্রতিষ্ঠার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছেন বলে জানান তিনি।
বিশেষজ্ঞ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফজলুর রহমান বিডিনিউজকে আরও জানান, আগামী নভেম্বরের ১২ ও ১৩ তারিখে ঢাকায় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে দক্ষিণ এশিয়ার নেতারা আলোচনার অগ্রগতির ব্যাপারে জানতে চাইবেন।
তিনি আরও বলেন, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন ঘনিয়ে আসায় আলোচকরা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সংক্ষেপে আলোচনার সমাপ্তি টানার উদ্দেশ্যে স্পর্শকাতর পণ্যগুলোর ব্যাপারে আগের বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে তালিকা বিনিময় সম্পন্ন হয়েছে। আগামী বৈঠকে সদস্য দেশগুলো তালিকার ব্যাপারে তাদের স্ব স্ব অবস্থানের বিষয়টি বিশ্লেষণ করবেন।
এ অঞ্চলে পণ্যের অবাধ প্রবাহ থেকে দেশীয় শিল্প রক্ষায় স্পর্শকাতর পণ্যের তালিকায় বাংলাদেশের এক হাজার তিনশ’ পণ্য রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
