সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ওএসডি, কার্ডিওলজির কনসালট্যান্ট বরখাস্ত
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান সৈয়দ এমদাদুল হক অসুস্থ হওয়ার পর সচিবালয় ক্লিনিকে যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা ও চিকিৎসায় গাফিলতির কারণে সৈয়দ এমদাদুল হকের মৃত্যুর অভিযোগে সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মো. আলী বেলালকে ওএসডি এবং কার্ডিওলজির জুনিয়র কনসালট্যান্ট ডা. ওমর ফারুক সরওয়ার হোসেনকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের দায় দায়িত্ব নিরূপণের জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল)কে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন-মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন), বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব।
বাণিজমন্ত্রণালয়ের সিনিয়র সহরকারী প্রধান সৈয়দ এমদাদুল হক মঙ্গলবার সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে সচিবালয়ের ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কার্ডিয়াক ম্যাসেজসহ প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়সহ সচিবালয়ের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মচারিরা সচিবালয়ের ক্লিনিকের সিভিল সার্জন ও সংশ্লিষ্ট ডাক্তারের গাফিলতির অভিযোগ আনে।
