২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ১৩ বাংলাদেশী এখন ভারতের কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া ১৩ জন গরু ব্যবসায়ীসহ মোট ১৫ পনের বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের মুর্শিদাবাদের একটি আদালত জেলহাজতে পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিডিআর সূত্র জানিয়েছে, বিডিআরের পক্ষ থেকে গত দু’দিনে মোট চার দফা যোগাযোগ করার পর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এক লিখিত জবাবে বিএসএফ এতথ্য জানায়। মঙ্গলবার সকালে জলাঙ্গী থানা পুলিশ ভারতের মুর্শিদাবাদ আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে কতদিন পরে তারা ছাড়া পাবে, সে ব্যাপারে বিডিআর কর্তৃপক্ষও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

বিডিআর ও এলাকাবাসী জানান, রোববার দুপুরে স্পিডবোট যোগে চরভদ্রা ক্যাম্প বিএসএফের একটি টহল দল পদ্মা নদীর জলসীমা থেকে ১২ জন গরু ব্যবসায়ী ও ট্রলারসহ এক মাঝিকে ধরে নিয়ে যায়। এদের সবার বাড়ি দৌলতপুর উপজেলার ইনসাফনগর গ্রামে। এরা হলেন, ছোটন, টিপু, জোকার, জেকের, আস্তাক, বাদল, মান্নান, আরিফ, হাকু, লিটন, বিল্টু, ঝন্টু ও তারু মিয়া। সবারই বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে।

বিডিআর কুষ্টিয়া সেক্টরের নয় রাইফেল ব্যাটেলিয়নের ক্যাপ্টেন রেফায়েত বলেন, বিএসএফ তাদের লিখিতভাবে জানিয়েছে, ওই ১৩ জনসহ আরও দু’জন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে পুলিশে সোপর্দ করা হয়। আন্তর্জাতিক সীমানা আইনে পুলিশ তাদের আদালতে পাঠায়।