২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গ্যাস সরবরাহে ৩টি প্রকল্প হাতে নিয়েছে সরকার

মনোহরদী থেকে খুলনা পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য প্রায় পৌনে দুই হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থ সহায়তার ব্যাপারে সেপ্টেম্বর মাসে সরকারের সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

এডিবি প্রকল্প তিনটিতে ব্যয়ের অর্ধেকটা ঋণ সহায়তা হিসেবে দিতে প্রাথমিকভাবে রাজি হয়েছে। এ লক্ষ্যে এডিবি’র একটি পর্যবেক্ষক দল প্রকল্পগুলোর গুরুত্ব ও কার্যকরিতার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।

ঋণ দেয়ার ব্যাপারে তাদের রিপোর্টের ওপর এডিবি’র চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। সিদ্ধান্ত ইতিবাচক হলে এবছর সেপ্টেম্বর মাসের শেষদিকে এ ব্যাপারে সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করবে এডিবি। এরপরই শুরু হবে প্রকল্পগুলোর কাজ।

মন্ত্রণালয় সূত্র জানায়, পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের লক্ষ্যে বিভাগীয় শহর খুলনা ও তার আশপাশের জেলাগুলো গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পেট্রোবাংলা এ উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ে ৩০ ইঞ্চি ব্যায়ের তিনটি সঞ্চালন পাইপ লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

মনোহরদী থেকে খুলনা পর্যন্ত ৩৫৮ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ ও গ্যাস সরবরাহের জন্য প্রকল্প তিনটি বাস্তাবায়ন ব্যায় নির্ধারন করা হয়েছে এক হাজার সাতশ’ ৩২ দশমিক আট কোটি টাকা।

প্রকল্প তিনটির মধ্যে প্রথম প্রকল্পটি হল-মনোহরদী-ধনুয়া-এলেঙ্গা-যমুনা সেতু পর্যন্ত ১০৩ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন নির্মাণ। এতে ব্যায় ধরা হয়েছে চারশ’ ৬৬ দশমিক ৭২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্প হলো যমুনা সেতু-নলকা-বনপাড়া-ঈশ্বরদী-ভেড়ামারা পর্যন্ত ১৪০ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ। এতে ব্যায় হয়েছে চারশ’ ১৬ দশমিক আট কোটি টাকা। তৃতীয় প্রকল্প হলো ভেড়ামারা-কুষ্টিয়া-যশোর-খুলনা পর্যন্ত ১১৫ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ। এতে ব্যায় নির্ধাররিত হয়েছে চারশ’ ৫০ কোটি টাকা।

সরকার প্রকল্প তিনটি বাস্তবায়নে আন্তরিক। দ্রুতই প্রকল্প তিনটি অনুমোদন হবে। প্রকল্পে অর্থবরাদ্দের জন্য দাতাসংস্থা এডিবি’র সাথে আলাপ আলোচনা হয়েছে। অনুমোদন ও অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলে প্রকল্প তিনটি বাস্তবায়নক কাজ দ্রুত শুরু করা হবে বলা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব দ্রুত কাজ শুরুর কথা বলা হলেও এ সরকারের মেয়াদে কাজ শুরু সম্ভব নয় এবং পাইপ লাইন নির্মান কাজ শেষ হতে আরও কয়েক বছর লেগে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।