২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরের শুরুতে ঢাকা আসছেন মনি শংকর আয়ার

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ার ৩ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আগের কর্মসূচি অনুসারে আগামী ২৭ আগস্ট দু’দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল। এর বদলে তার সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। পররাষ্ট্র এবং জ্বালানি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মায়ানমারের গ্যাস ভারতে নিয়ে যাওয়ার জন্যে ত্রিদেশীয় পাইপ লাইন নির্মানে তিন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি এগিয়ে নিতেই তার এ সফরের উদ্দেশ্য।

এর আগে এই পাইপ লাইন নির্মানে বাংলাদেশের তিন শর্ত, বাণিজ্য বৈষম্য কমানো, ভূটান এবং নেপালের সাথে যানচলাচল ও জলবিদ্যুৎ আমদানি সুবিধা মেনে নিয়ে খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়। কিন্তু সম্প্রতি শর্ত নিয়ে ভারতের পক্ষ থেকে প্রশ্ন ওঠায় এবং মায়ানমার-ভারত বৈঠকে এই পাইপ লাইনের জন্যে বিকল্প পথের সন্ধানের সিদ্ধান্ত হওয়ার পুরো বিষয় নিয়ে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়।

জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করেছে, বিষয়টির জট খুলতেই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

ত্রিদেশীয় পাইপ লাইন নির্মানে দেশীয় প্রতিষ্ঠান মোহনা হোল্ডিং লিমিটেড এর প্রস্তাবের উপর ভিত্তি করে গত জানুয়ারি মাসে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে সকল পক্ষ এই পাইপ লাইন নির্মানে নীতিগতভাবে সম্মত হয়।

পরে এই কাজ এগিয়ে নেয়ার জন্যে তিন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনো কর্মাশিয়াল কমিটি গঠিত হয়। কমিটি গত ফেব্রুয়ারি মাসে মায়ানমারে বসে খসড়া সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করে। এটি এখন স্বাক্ষরের অপেক্ষায় আছে। ভারত বাংলাদেশের তিন শর্ত পুরণে সম্মত হয়েই এ খসড়া চূড়ান্ত করেছিল।