দেশব্যাপী বোমা হামলার সাথে সম্পৃক্ত থাকার দায়ে ৯ বিদেশীর নাম তালিকাভুক্ত
১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলায় জামাআতুল মুজাহিদীনের সাথে সম্পৃক্ত থাকার দায়ে গোয়েন্দা সংস্থা ৯ বিদেশীর নাম তালিকাভুক্ত করেছে।
দেশের বিভিন্ন হোটেলগুলোর রেজিস্টারবুক থেকে গত কয়েকমাসে আসা বিদেশীদের নাম দেখছে গোয়েন্দা সংস্থা। সূত্র জানিয়েছে, এ মাসে বিভিন্ন হোটেলগুলোতে এসব বিদেশীরা ছিলো এবং বোমা হামলার আগের দিন তারা চলে যায়। এদের মধ্যে ৬ বিদেশী ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত ছিলো।
তালিকাভুক্ত ৯ বিদেশী হল: মাওলানা নুর আহমেদ, মাওলানা ইয়াসিন, হাফিজ মনির হোসেন, তৌহিদ ওয়াহেব, মেহবুব নুর, জয়নুদ্দিন খান, আহমেদ আবদুল্লাহ, আহমেদ শাহ বিন শরীফ এবং আহমেদ শাহ নুর-ই-ইসলাম।
গোয়েন্দা সংস্থার সদস্যরা মাওলানা ইয়াসিনের পাসপোর্ট নম্বর উদ্ধার করেছে।
গোয়েন্দারা জানিয়েছে, মাওলানা মনজুর আহমেদ রাজধানীতে এবং মাহ্বুব ফেরদৌসি সিলেটে দায়িত্বে ছিলো। এছাড়া হাফেজ শহীদুল্লাহ বরিশালে, মাওলানা আব্দুর মাশরুর চট্টগ্রামে, আবু ওমর খুলনায় এবং কাজী ওবায়েদুল্লাহ রাজশাহীতে দায়িত্বে ছিলো।
সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, জামায়েতুল মুজাহেদিনীনের সদস্যরা গাজীপুর, বান্দরবানের নাইক্ষংছড়ি, চট্টগ্রামের হাটহাজারী, সিলেটের জকিগঞ্জে, খুলনার সাতক্ষীরায় এবং বরিশালের বরগুনায় প্রশিক্ষণ নিয়েছে।
