২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে চট্টগ্রাম ক্লাবকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত সোমবার দেশের অভিজাত ক্লাবগুলোর একটি চট্টগ্রাম ক্লাবকে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা দিতে না পারায় আদালত ক্লাবের সচিব কর্ণেল (অবঃ) শরীফ ওয়ালি উর রহমানকে আটক করে। পরে ক্লাব কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সকাল এগারটায় চট্টগ্রাম ক্লাবে অভিযানে গেলে ক্লাব কর্তৃপক্ষের সাথে ম্যাজিস্ট্রেট সৈয়দা সারওয়ার জাহানের বাকবিতণ্ডা হয়। ক্লাবের সচিব কর্ণেল (অবঃ) শরীফ ওয়ালি উর রহমান ম্যাজিস্ট্রেটকে বলেন, ক্লাব শুধুমাত্র সদস্যদের জন্য সংরক্ষিত। ক্লাবে আদালতের অভিযান চালানোর এখতিয়ার নাই।

দেশের প্রাচীনতম এবং এক সময়কার ইউরোপীয়ান ক্লাব হিসাবে পরিচিত চট্টগ্রাম ক্লাব সদস্যদের জন্য সংরক্ষিত হলেও এখান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাণিজ্যিকভাবে খাবার সরবরাহ করা হয়।

ম্যাজিস্ট্রেট এক পর্যায়ে ক্লাবের ক্যান্টিনে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে দুর্গন্ধযুক্ত মুরগীর মাংস , বিবর্ণ গরুর মাংস ও রং মিশ্রিত খাদ্য আটক করে এবং পাউরুটির নির্ধারিত ওজনের চেয়েও কম ওজন পায়। এইসব অভিযোগে চট্টগ্রাম ক্লাবকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে ।

এছাড়াও ভ্রাম্যমান আদালত নগরীর জিইসি মোড়ের ডিয়ারলী বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্র¯তুত ও ওজনে কম দেওয়ার অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা করে।

এই ছাড়াও জিইসি মোড়ের তিনটি ফলের দোকান ও দুটি হোটেলকে একই অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত আজ মোট ২লাখ ৬৫হাজার টাকা জরিমানা আদায় করেছে।