গাইবান্ধায় এবার আল-কায়দার নামে গ্রেনেড হামলার হুমকি
জঙ্গি সংগঠন আল-কায়দার নামে রোববার গাইবান্ধা প্রেসক্লাবে ডাকযোগে পাঠানো এক চিঠিতে প্রেসক্লাবসহ শহরের আটটি প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে।
প্রেসক্লাব সূত্র জানায়, সাধারণ ডাকের এ চিঠিতে বলা হয়, গাইবান্ধা সদর থানার পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বহু লোকের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছে। এ খবর পত্রিকায় ছাপতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে আগামী সাত দিনের মধ্যে গাইবান্ধা প্রেসক্লাবসহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জজ সাহেবের গাড়ি, মহিলা কলেজ, সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, মার্কেট, বাস টার্মিনাল এবং প্রাইমারি যে কোনও স্কুলে গ্রেনেড হামলা করা হবে।
চিঠিতে আরও বলা হয়, যদি সাত দিনের মধ্যে আনোয়ার হোসেন গাইবান্ধা থানা ছাড়ে তাহলেও পরিণতি একই হবে।
চিঠির শেষে সন্ত্রাসী সংগঠন আল-কায়দার নাম উল্লেখ করা হয়।
