২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলো ট্রাজিক ২১ আগস্ট

২১ আগস্ট ২০০৪। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আরও একটি হত্যাযজ্ঞের দিন। আজ থেকে ঠিক এক বছর আগে এ ঘটনার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ভূলুন্ঠিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর চালানো হয়েছিল গ্রেনেড হামলা। যিনি কি না এই আগস্ট মাসেই হারিয়েছিলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের।

শেখ হাসিনার ভাষণ শেষ করার ঠিক আগ মুহুর্তে তাকে লক্ষ করে একের পর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রেনেড বিস্ফোরণ ঘটান হয়। এ সময় তিনি সিলেটে বোমা হামলা এবং গোপালগঞ্জে তার কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তারা নেতৃত্বে আয়োজিত মিছিল সমাবেশ শেষে জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। কয়েক হাজার মানুষ এ বোমা হামলার প্রত্যক্ষদর্শী।

বোমা হমলায় ঘটনাস্থলে নিহত হয় ২১ জন। আরও অনেকে স্প্লিন্টারের আঘাতে মারাত্মক আহত হয়ে মৃতপ্রায় অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। প্রায় ৪০০জন আহত হয়। আহতদের মধ্যে পরবর্তিতে আরও দু’জন হাসপাতালে মারা যায় । এদের মধ্যে একজন হলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। কিন্তু তার দলীয় নেতা কর্মী ও ব্যক্তিগত দেহরক্ষিরা মিলে তাৎক্ষনিকভাবে ট্রাকের ওপরেই মানব বেষ্টনি তৈরি করে শেখ হাসিনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। হামলার পর শেখ হাসিনা তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করার সময়ও হামলাকারিরা তার বুলেট প্রুফ গাড়ি লক্ষ করে কয়েকটি গুলি ছোঁড়ে । গুলির আঘাতে গাড়ির চাকা পাংচার হয় এবং ১২টি গুলি গাড়ির জানালায় আঘাত হানে।

গ্রেনেড হামলার আগে গোয়েন্দারা না পেরেছে কোন নিরাপত্তা ব্যবস্থা নিতে , না পেরেছে হামলায় জড়িতদের চিহ্নিত করতে। কিন্তু এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে।

এখন পর্যন্ত কোন চার্জশিটই দাখিল করা হয়নি। শনিবার এ প্রতিবেদন লেখার সময় তদন্ত কর্মকতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ সময় তাদের মধ্যে কয়েক জন বিভিন্ন সভা নিয়ে ব্যস্ত ছিলেন।

এফবিআই ও ইন্টারপোলের আন্তর্জাতিক তদন্তকারিরা এ ঘটনা তদন্তের জন্য তিনবার বাংলাদেশ সফর করেছে।

আইন প্রয়োগকারি সংস্থা জর্জ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার জবানবন্দি গ্রহণ করে। কিন্তু তার বক্তব্য প্রশ্নসাপেক্ষ। শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেফতার হবার পর তদন্ত ভিন্ন দিকে মোড় নেয়। কিন্তু এখনও পর্যন্ত এক্ষেত্রে কোন শক্ত প্রমান নেই।

বোমা বিস্ফোরণের পর ২১ আগস্টের হত্যাকান্ড নিয়ে ভিন্ন ধরনের দোষারোপ লক্ষ করা যায়। একদিকে আওয়ামী লীগ এ হামলার জন্য বিএনপি-জামাত জোট সরকারকে দায়ী করে, অপরদিকে সরকার দলীয় নেতারা এ হামলার সাথে আওয়ামী নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ করে।

২১ আগস্টের হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে শুধু বেদনাদায়ক অধ্যায়ের জন্ম দেয়নি, পাশাপাশি সরকারি দল বিএনপি ও দেশের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগের মধ্যে সম্পর্কের দূরত্বকে ফুটিয়ে তুলেছে।

অন্যদিকে এ বেদনাদায়ক ঘটনায় আহত এবং নিহতদের পরিবার চরম দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করছে। তারা আশা করছেন, জঘন্য এই অপরাধীরা ধরা পড়বে ।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে বলেন, ২১ আগস্টের হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত।

সমস্ত তদন্ত কার্যক্রমকে সরকার একটি হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।