২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলাহাট সীমান্তে আবারও বিএসএফ-এর হাজার হাজার রাউন্ড গুলিবর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী ও পোলাডাঙ্গা বিডিআর সীমান্ত ফাঁড়ি ও সীমান্ত জনপদ লক্ষ্য করে বিএসএফ শনিবার আবারও ভারি অস্ত্রে সজ্জিত হয়ে কয়েক হাজার রাউন্ড গুলিবর্ষণ করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গুলিবর্ষণের সময় সীমান্তবর্তী ৮/১০টি গ্রামের আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের জন্যে ছোটাছুটি শুরু করে। ভোলাহাট সীমান্তে অবস্থানরত ২৮ রাইফেলস ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, শুক্রবার রাতে গোলগুলি বন্ধ থাকার পর সকাল সোয়া ৮টায় তারা ভারি মেশিনগান, এলএমজি, স্টেনগান, সাব মেশিন কার্বাইন, এস এলআর দিয়ে ভোলাহাটের গিলাবাড়ী ও পোলাডাঙ্গা বিডিআর সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে বৃষ্টির মত গুলিবর্ষণ করে।

এছাড়া বিএসএফ ভারতের আদমপুর মুসুলমপুর, মুচিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় মর্টারসহ ভারি অস্ত্রশস্ত্র মোতায়ন করে শক্তি বৃদ্ধি করেছে, এমকি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, বিএসএফ’র হাজার রাউন্ড গুলির জবাবে বিডিআরও থেমে থেমে গুলি চালিয়েছে। বেলা সাড়ে ১২টার পর উভয়পক্ষের উচ্চ পর্যায়ে যোগাযোগের পর গোলাগুলি বিরতির সিদ্ধান্ত হয়।

ভোলাহাটে অবস্থানরত সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও ভারতের মালদহ জেলার ডিএম’র মধ্যে আলোচনায় বিকেল ৪টা পর্যন্ত গুলি বিনিময় বিরতির সিদ্ধান্ত হয়।

সাংসদ মঞ্জুর হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন, বিএসএফ’র উস্কানিমূলক গুলিবর্ষণের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে যেন কড়া প্রতিবাদলিপি দেওয়া হয়।

শনিবার সরেজমিনে দেখা গেছে, গিলাবাড়ী বিডিআর সীমান্ত ফাঁড়ি ভবনের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন। সীমান্ত ফাঁড়ি সংলগ্ন গ্রাম যাদুনগরে গিয়ে দেখা যায় গোটা গ্রাম খাঁ খাঁ করছে। ভোলহাট ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, ভোলাহাটবাসী স্বাধীনতার পর কখনও এমন গুলিবর্ষণ দেখেনি।

তিনি জানান, তেলিপাড়া, জাদুনগর, চরধরমপুর, গোপিনাথপুর, ইমামনগর, পাচটিকরি, ফেন্সিবাজার, ভোলাহাট সাটিয়ার বাজারের লোকজন নিরাপদ আশ্রয়ে সরে গেছে। তিনি জানান, এ পরিস্থিতিতে শনিবার ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ তাদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, যেসব এলাকার লোকজন বাড়ি ঘর ছেড়ে গেছে, সেসব এলাকায় লোকজনের মালামাল পাহারা দেওয়ার জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্তদের জন্যে একটি তহবিল গঠন করা হয়েছে।

এদিকে বিডিআরএর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুব জানান, বৃহস্পতিবার নিয়মানুযায়ী আমরা বাঁশি বাজিয়ে, লালপতাকা উড়িয়ে বিএসএফ-এর বালুর বস্তা ফেলার প্রতিবাদ জানিয়ে ব্যর্থ হই। এরই পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে সিসি বোল্ডার ফেলা শুরু করলে তারা বাঁশি না বাজিয়ে কিংবা লাল পতাকা না উড়িয়ে হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করে এবং সারাদিন অব্যাহত রাখে। এ পারে ব্লক ফেলা বন্ধ করা হলেও ওপারে অব্যাহত গুলিবর্ষণের ছত্রছায়ায় বালুর বস্তা ফেলা অব্যাহত রাখে বিএসএফ।

আর্ন্তজাতিক রীতিনীতি লংঘন করে বিএসএফ গায়ের জোরে আক্রমনাত্মক আচরণ করছে। ভাঙ্গন রোধে মহানন্দা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দীর্ঘ দিন থেকে বন্ধ রয়েছে বিএসএফ-এর বাধার মুখে। এ নিয়ে একাধিকবার বিএসএফ-এর সঙ্গে সমঝোতা চেষ্টা করেও কোন ফল পাওয়া যায়নি। অথচ একতরফাভাবে তারা ওপারে সিমেন্ট বালুর বস্তা ফেলে যাচ্ছে।

তিনি জানান, ভোলাহাট সীমান্তে যুদ্ধাবস্থা বন্ধে উচ্চ পর্যায় থেকে তৎপরতা চালানো হচ্ছে। শিগগিরই সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠানের চেষ্টা চলছে। গুলি বিনিময় বিরতির পর রাত ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত আর গোলাগুলির আর কোনও ঘটনা ঘটেনি।