২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা না বুঝলেও যে শিশু এখন ন’টি মামলার আসামি

‘মা এলেই আমি চলে যাব, পুলিশ আমাকে রাখতে পারবে না’-সাংবাদিকদের সামনে এভাবেই কথাগুলো বলল যশোরের ন’টি বোমা হামলা মামলার আসামি ১০ বছরের শিশু সাগর।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মামলা কী-বোঝার ক্ষমতা না থাকলেও এখন সে এতগুলো মামলার আসামি! চোখ-মুখ ফোলা ফোলা এই শিশুটি গত ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত কোতয়ালি থানা পুলিশ হেফাজতে রয়েছে।

দেখেই বোঝা যায়, ওর ওপর নির্যাতন চালানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দেশব্যাপি বোমা হামলার অংশ হিসেবে যশোর শহরেও ছ’টি বোমা বিস্ফোরিত হয়। ১৭ আগস্ট যশোর কালেক্টরেট চত্বরে বোমা বিস্ফোরণের পর এসআই আমিনুল শিশু সাগরকে আটক করে। এরপর ওর বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনের তিন এর ছয় এবং দন্ড বিধির ১২০-খ ধারায় মামলা করা হয়। ন’টি থানার ন’জন এসআই মামলাগুলোর তদন্ত করছে।

শনিবার শিশু সাগরকে ১৫ দিনের রিমান্ডে আনতে পুলিশ আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছিল। শিশুটিকে বিভিন্ন কায়দায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ শুক্রবার ওকে নিয়ে নড়াইলে গিয়ে তুহিন নামের এক যুবককে আটক করে। পুলিশের কাছে সাগর এক এক সময়ে এক এক ধরনের তথ্য দিচ্ছে।

শনিবার সকালে থানা হাজতে সাগর সাংবাদিকদের জানায়, বোমা বহন এবং কালেক্টরেট চত্বর, কোতয়ালি থানার পাশে এবং মনিহারের কাছে মোট তিনটি বোমার প্যাকেট রেখে আসার জন্য সে দশ টাকা পেয়েছে। এর আগে সে জানায়, এক যুবক তাকে মোটর সাইকেলে বসিয়ে বোমা বহনে সহযোগিতা করে। আর বিস্ফোরণের আগেই সেই যুবক মোটর সাইকেল নিয়ে চলে যায়।

শিশু সাগর যশোর শহরের ঘোপ এলাকার কবরস্থানের পাশে তার বাবা নাছির ও মা শেফালির সঙ্গে বাস করত। মা-বাবা দু’জনই শহরের দুটি খাবারের হোটেলে কাজ করে। সে নিজেও চটপটির দোকানে কাজ করে। তার নানার বাড়ি নড়াইলের শামুকপোতা গ্রামে। পুলিশ শুক্রবার শামুকপোতা গ্রাম থেকে তুহিনকে আটক করে।

এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি জানান, সাগর ও তুহিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে পুলিশ সাগরের ওপর নির্যাতনের কথা অস্বীকার করেছে।