২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক

পাকিস্তান-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) অষ্টম বৈঠক সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ইসলামাবাদে সোমবার দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে জেইসি’র এই বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামাবাদ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হেমায়েতউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব রিয়াজ আহমেদ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে দু’দেশের সচিবরা পারস্পরিক বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। দু’পক্ষই উভয় দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্র ছাড়াও দু’দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে একমত হয়।

এছাড়া যৌথ বাণিজ্য কাউন্সিলের (জেবিসি) নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্বারোপ করে ঢাকা ও ইসলামাবাদ। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সার্ক সম্মেলনের বিষয়েও আলোচনা হয়। সার্ককে গতিশীল করার জন্য পাকিস্তানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে বাংলাদেশকে আশ্বাস দেয়া হয়।

ইসলামাবাদ বৈঠকে জাতিসংঘের পুনর্বিন্যাস ছাড়াও ওআইসি বিষয়েও আলোচনা হয়। তাছাড়া বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশররফের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থনও জানানো হয়। শনিবার ঢাকায় প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।