২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে পুলিশের ধাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

রাজধানীর লালবাগ থানার শহীদনগরে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ সুমন (৩০) নিহত হয়েছে। নিহত সুমন সেচ্ছাসেবক লীগের ৬০ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিহতের ভাই সুজল বিডিনিউজকে অভিযোগ করে বলেন, থানা পুলিশের সোর্স নিরব লাঠি দিয়ে আঘাত করে দোতলার ছাদ থেকে বিদ্যুতের তারের ওপর ফেলে দিয়ে সুমনকে হত্যা করে।

তবে থানা পুলিশ বলেছে, পুলিশকে দেখে ছাদে লুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুমনের মৃত্যু হয়। এ ব্যাপারে লালবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমনের লাশ নিয়ে শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল করে।

বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে সুমনের নামাজে জানাযা শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুমনের লাশ দলীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়।

নিহতের ভাই সুজল জানান, বৃহস্পতিবার রাত দেড়টায় লালবাগ থানার সাদা পোষাকের পুলিশের একটি টিম এসআই মাহফুজের নেতৃত্বে সুমনদের শহীদনগরের ৮০/১ নম্বর বাসায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন বাসার দোতলার ছাদে লুকাতে চেষ্টা করে।

তিনি আরো জানান, এ সময় পুলিশের সোর্স নিরব তাকে খুঁজতে ছাদে যায়। নিরব সুমনকে দেখে জাপটে ধরলে সুমন তাকে ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করে। তখন নিরব তাকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। সেখানে বিদ্যুতের ছেঁড়া তাকে জড়িয়ে তার মৃত্যু হয়।

সুজলের ভাষ্যমতে, নিহত সুমনের বিরুদ্ধে কোনো মামলা নেই। সে বিবাহিত এবং এক সন্তানের জনক। তার বাবা আব্দুল মালেক ড্রাইভার একজন পঙ্গু।

নিহতর পারিবারের অভিযোগ, পুলিশের সোর্স নিরব গ্রেফতারের ভয় দেখিয়ে বৃহস্পতিবারই দিনের বেলা সুমনের কাছে টাকা দাবি করে। নইলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। সুমনের নগদ ৩০০ টাকা এবং একটি মোবাইল কার্ড কিনে দেন। কিন্তু কাঙ্খিত অংকের টাকা না পেয়েই নিরব ওইদিনই রাতে তাকে ধরার জন্য পুলিশ পাঠায়।

অন্যদিকে এসআই মাহফুজুল হক বিডিনিউজকে জানান, সুমন এলাকার একজন চিহিৃত সন্ত্রাসী। পুলিশ তাকে খুঁজতে বাসায় গেলে সুমন ছাদ দিয়ে পালাতে চেষ্টা করে। তখন বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতর প্রথম নামাজে জানাযায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার, কৃষক লীগের মোতাহার হোসেন প্রমুখ।

এদিকে স্বেচ্ছাসেবক লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন ছাদের ওপর দিয়ে পালাতে চেষ্টা করে। এ সময় সে ছাদ থেকে নিচে পড়ে গেলে সাদা পোষাকধারি পুলিশ তাকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তাকে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট করে তার মৃত্যুর গুজব ছড়ায়।

এতে আরও বলা হয়েছে, ২০০১ সালের পর আওয়ামী লীগকে শহীদনগর এলাকায় স্থানীয় কমিশনার কালা খোকনের বাহিনী কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। এবারই প্রথম সুমন উদ্যোগী হয়ে সেখানে ১৫ আগস্টের কর্মসূচি পালন এবং দুঃস্থদের মধ্যে খিচুড়ি বিতরণ করে। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ এলাকার সাবেক সাংসদ হাজী সেলিম এক বিবৃতিতে সুমন হত্যার জন্য দায়ী পুলিশের বিচার দাবি করেছেন।