১৫ আগস্টে আওয়ামী লীগের শোক কর্মসূচিতে বিএনপি কর্মীদের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
১৫ আগস্ট রাজধানীর অদুরে দোহার থানায় শোক দিবস উপলক্ষ্যে বিরোধীদল আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি’র কর্মীদের হামলার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি।
সরকার দলীয় কর্মীরা আওয়ামী লীগ’র সমাবেশে হামলা চালালে তাদের কয়েক শ’ সমর্থক গুরুতর আহত হয়।
এআই এক বার্তায় বলে, হামলার দিন আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩০তম বার্ষিকী পালন করছিলেন। শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়।
দোহারে আহতদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগ দলীয় সাংসদ আসাদুজ্জামান নূর এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান। এ হামলায় কর্তব্যরত সংবাদিকদের কয়েকজনও আহত হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, এই প্রেক্ষাপটে, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি আয়োজিত দোহারের একটি জনসভায় প্রদত্ত বক্তব্যে এআই খুবই উদ্বিগ্ন। যা হামলাকারিদের আরো উষ্কে দিতে পারে। দৈনিক ডেইলি স্টার-এর প্রতিবেদনে নাজমুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে কোন নাজাত দিবস পালিত হতে পারে না।’
বিবৃতিতে বলা হয়, এখন পর্র্যন্ত সরকার এই হমলার ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ করে নি। উপরন্তু পুলিশ এক হাজার পাঁচশত আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এমনকি পুলিশের লক্ষ হচ্ছে আওয়ামী সমর্থদের নির্যাতন করা।
এমনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ওপর জোর দেয়।
