২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বোমা বিস্ফোরণের পর ভারতে ‘রেড অ্যালার্ট’

বাংলাদেশে উপর্যুপরি বোমা বিস্ফোরণের পর ভারত সরকার বাংলাদেশের সাথে লাগোয়া চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকা, বিশেষ করে পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে কড়া সতর্কতা আরোপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ভারতের নিরাপত্তা বাহিনী পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছে। সরকারী সূত্র জানায়, বোমা হামলায় জড়িত অপরাধীদের রোধ করার জন্য ভারতীয় সীমান্ত নিরাপত্তা রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের নিকটবর্তী তিনটি রাজ্যের সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।

উত্তর বঙ্গ পুলিশের মহাপরিদর্শক কে এল মীনা জানান, সীমান্তবর্তী সকল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টিতে বোমা হামলা হয়। এতে দুজন নিহত এবং পাঁচ শ’ আহত হয়েছে। একটি ইসলামী জঙ্গী দল এই সিরিজ হামলার সাথে যুক্ত বলে পুলিশ সন্দেহ করছে।

এ পর্যন্ত কেউই বোমা হামলার দায়িত্ব স্বীকার করে নি। কিন্তু বোমা হামলার ঘটনাস্থল থেকে ইসলামী জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদী’র প্রচারপত্র পাওয়া গেছে। এতে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর আহবান এবং মুসলিম দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দখলদারির বিষয়ে হুঁশিয়ারি রয়েছে।

এদিকে বোমা হামলার সাথে জড়িতদের চিহ্নিতকরণে নয়াদিল্লী ঢাকাকে সহায়তার ইচ্ছা প্রকাশ করেছে।

ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নবতেজ সারণা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অপরাধিদের চিহ্নিত করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি এবং এই বিষয়ে যে কোন ধরনের সহযোগিতা আমরা করবো বলে জানিয়েছি।

বাংলাদেশে ইসলামী মৌলবাদ ও জঙ্গীদের পুনরুজ্জীবন বিষয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নয়দিল্লীর মতে, এ বোমা হামলার ঘটনায় ‘অনেকগুলো প্রশ্ন’ উত্থাপিত হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ভারতের নিরাপত্তা ও এ অঞ্চলের শান্তি রক্ষা। বাংলাদেশে যদি এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটতে থাকে তাহলে চলতি বছরের নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর শীর্ষ সম্মেলন গভীর সংকটে পড়বে।

এর আগে নেপালের রাজা কর্তৃক সে দেশের কর্তৃত্ব গ্রহণ এবং বাংলদেশের নিরাপত্তা সংকটের কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনে উপস্থিত হতে অপারগতা প্রদর্শনের ফলে ঢাকায় চলতি বছরের ফেব্রুয়ারির পূর্ব নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়।