জামাআতুল মুজাহেদীনের দুই শীর্ষ নেতাকে ধরার জন্য ব্যাপক অভিযান, চার ছাপাখানায় হানা
দেশব্যাপী সংঘটিত বুধবারের সিরিজ বোমা হামলার পরপরই গোয়েন্দা সংস্থাগুলো রাজধানীর বিভিন্ন স্থানে জামাআতুল মুজাহেদীনের দুই শীর্ষ নেতাকে ধরার জন্য ব্যাপক অভিযান চালায়।
বুধবার সারারাত নিরবচ্ছিন্ন এই অভিযান বলে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
এ সময় সংস্থাগুলো ঢাকার চারটি ছাপাখানাতেও অভিযান চালায়। এর মধ্যে একটি প্রেস থেকে হরকাতুল জেহাদের মুখপত্র “জাগো মুজাহিদ” প্রায় ১৫ বছর আগে প্রকাশিত হতো বলে জানা যায়। এছাড়া প্রেস চারটি থেকে অতীতেও এ ধরণের লিফলেট ছাপা হয়েছে।
সূত্র জানায়, জাগো মুজাহিদের তৎকালীন নির্বাহী সম্পাদক এবং ময়মনসিংহের ভালুকার একটি মাদ্রাসার শিক্ষককে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এই অভিযান পরিচালিত হয়।
এই নির্বাহী সম্পাদক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পুতে রাখার মুল হোতা মুফতি হান্নানের প্রধান সহযোগী ছিলেন। এ জন্য তাকে ২০০০ সালে পুলিশ আটকও করেছিলো বলে সূত্র দাবি করে।
ভালুকার মাদ্রাসার শিক্ষক ২০০৩ সালে পুলিশের হাতে আটক হলেও পরে তিনি জামিন নিয়ে বেরিয়ে যান।
“এই দুইজনই জামাআতুল মুজাহেদীনের ঢাকা অঞ্চলের নেতা,” দাবি করেন এক গোয়েন্দা কর্মকর্তা।
সূত্র জানায়, বুধবার রাতে বংশাল, হাজি আসাদুল্লাহ লেন, নারিন্দা এবং মোহাম্মদপুরের চারটি প্রেসে তারা অভিযান চালায়। কিন্তু কোন লিফলেট বা এই ধরণের কোন আলামত উদ্ধার করতে পারেনি। অভিযানকালে কাউকে আটকও করা হয়নি।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলগুলো থেকে প্রাপ্ত লিফলেটকে কেন্দ্র করেই তদন্ত পরিচালিত হচ্ছে। নতুন কোন ক্লু এখনও বের করা সম্ভব হয়নি।
বুধবার ৬৩ জেলার প্রায় ৩০০ স্থানে একই সময়ে প্রায় ৫০০ বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে একজন রিকশাচালক এবং সাভারে এক শিশু নিহত হয়। আহত হয় দুই শতাধিক।
