২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবারের বোমা হামলায় জড়িত থাকার ব্যাপারে সাতক্ষীরায় ৩ জনের স্বীকারোক্তি

সাতক্ষীরা শহরে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার ইসলামপুর গ্রামের নাসিরউদ্দিন দফাদার (৫৫), শহরের ইটাগাছা’র মনিরুজ্জামান মুন্না (৩০) ও আনিসুর রহমান খোকন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাসিরউদ্দিন ও মনিরুজ্জামান স্বীকার করেছে তারা জেএমবি’র সদস্য এবং বুধবারের বোমা বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসিরউদ্দিন জানায়, গত এক সপ্তাহ আগে মনিরুজ্জামান মুন্না তাকে দ্বীন ইসলাম কায়েমের জন্যে একটি কাজ করতে দাওয়াত দেয়। নাসির মঙ্গলবার সন্ধ্যায় মুন্নার সঙ্গে দেখা করলে তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়। ঐ ব্যাগ বুধবার নারী ও শিশু নির্যাতন আইন আদালতের সামনে রেখে আসলে ৫/৬ মিনিট পর বিস্ফোরণ ঘটে।

মনিরুজ্জামান মুন্না পুলিশকে জানায়, বুধবার সকাল সাড়ে ৬ টায় কেন্দ্র থেকে পাঠানো কিছু ব্যাগ বিশেষ এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করে। এই ব্যাগগুলোতে থাকা বোমা বেলা ১১ টার পর শহরের পাঁচটি স্থানে পর পর বিস্ফোরিত হয়।

বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হলে জেএমবির তিনজন ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছে।