২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ’র সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানহানি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক আমানুল্লাহ কবীর, প্রকাশক হাসমত আলী এবং প্রতিবেদক মাছুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে এক হাজার টাকা মুচলেকায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দুই আইনজীবীর দায়ের করা মানহানি মামলার শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এজেএম আবদুল্লাহ হেল বাকী এ আদেশ দেন।

আমার দেশ’র ব্যঙ্গ ম্যাগাজিন ‘ভীমরুল’ এর ৪৩তম সংখ্যায় ‘আইনজীবী ফাইনজীবী’ শিরোনামের প্রচ্ছদ কাহিনীতে আইনজীবীদের নিয়ে কটুক্তি করায় ঢাকার দুই আইনজীবী আমাদের দেশ’র সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে দু’টি মানহানি মামলা দায়ের করেন।

মামলার বাদী অ্যাডভোকেট রেজাউল করিম হীরন ও মোহাম্মদ রায়হান তাদের আবেদনে বলেন, ‘ভীমরুল’ ম্যাগাজিনে আইনজীবীদের চরম হেয় করে বলা হয়েছে, ‘আইনজীবী ফাইনজীবী, একদল টাকা পেলে শুয়ে পড়েন, আরেক দল টাকা পেলেই দাঁড়িয়ে যান’। তাছাড়া অভিযুক্তরা আইনজীবীদের অপমান করার উদ্দেশ্যে মাংস বিক্রেতা ও ইঁদুরের গল্পের অবতারণা করেছেন, যা প্রচলিত ও কাঙ্খিত আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ বলে আবেদনে উল্লেখ করা হয়।